Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কঙ্কালীতলা পঞ্চায়েত পরিচালনায় নয়া কমিটি গঠন কাজলের

কঙ্কালীতলা পঞ্চায়েত পরিচালনায় নয়া কমিটি গঠন কাজলের
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: নানুর বিধানসভার কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান ও অঞ্চল সভাপতির পদ দীর্ঘদিন সামলাচ্ছিলেন একই ব্যক্তি। শনিবার সন্ধ্যায় শান্তিনিকেতনের বনডাঙ্গা তৃণমূল কার্যালয়ে বৈঠকের পর কঙ্কালীতলা অঞ্চল পরিচালনায় আগে কমিটি ভেঙে ছ’জনের কমিটি গঠন করা হল। বৈঠকে ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন, ‘এতদিন যাঁরা কঙ্কালীতলা অঞ্চল পরিচালনা করেছিলেন, তাঁরা দায়িত্ব ঠিক মতো পালন করেনি। বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতি হয়েছে।’ কাজলের এই মন্তব্যে তৃণমূলের অন্দরে তোলপাড় শুরু হয়েছে।  কঙ্কালীতলা পঞ্চায়েত বোলপুর শ্রীনিকেতন ব্লকের মধ্যে হলেও নানুর বিধানসভার অন্তর্ভুক্ত। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে নানুর বিধানসভার দায়িত্ব পান কাজল শেখ। অনুব্রত ফিরে এলে কঙ্কালীতলা পঞ্চায়েতকে কেন্দ্র করে বেশ কিছু জটিলতা তৈরি হয়। উপপ্রধান ও অঞ্চল সভাপতির পদ একই সঙ্গে সামলাচ্ছিলেন মামন শেখ। নানুরের বিধায়ক বিধান মাঝি ও কাজল শেখ বৈঠক করে অঞ্চল সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়।  তারপরই শনিবার দলীয় বৈঠকে সিদ্ধান্ত হয় এখন থেকে কঙ্কালীতলা অঞ্চল পরিচালনা করবে ছ’জনের কমিটি। সেই কমিটিতে রয়েছেন আলেফ শেখ, গৌতম নাথ, দেবাশিস দেবাংশী, সপ্তম দাস, নিরঞ্জন বাগদি ও সন্তোষ ভৌমিক। আলেফ শেখকে কমিটির আহ্বায়ক নিযুক্ত করা হয়েছে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মন্তব্য করেন, এই অঞ্চল কমিটির নতুনভাবে গঠন করার আগে অবধি যাদের উপর কঙ্কালীতলা পঞ্চায়েতের দায়িত্ব ছিল, তাঁরা ঠিকভাবে পালন করেননি। সে কারণেই দিনের পর দিন বিভিন্ন নির্বাচনে বিরোধীদের কাছে পরাজিত হতে হয়েছে। এখানে না থেমে পঞ্চায়েতের বিভিন্ন ক্ষেত্রে বেনিয়ম ও দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে তাঁর সংযোজন, লোকসভা নির্বাচনে নানুর বিধানসভা থেকেই বোলপুর কেন্দ্রে সব থেকে বেশি লিড পেয়েছি আমরা। গত নির্বাচনগুলিতে কঙ্কালীতলা পঞ্চায়েতে হার স্বীকার করতে হলেও এবারই প্রথম সেখানে জয়লাভ করেছি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ