সংবাদদাতা, বোলপুর: মদের দোকান থেকে চার লক্ষ টাকা চুরি করার পাশাপাশি দুই ব্যাগ মদের বোতল নিয়ে চম্পট দিল দুই চোর। দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা পঞ্চায়েতের আমডহরা গ্রামে। সোমবার গভীর রাতে জানালার রড কেটে দোকানে ঢুকে নগদ টাকা ও মদের বোতল নিয়ে চম্পট দেয় চোরের দল। বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন সকালে দোকান খুলতে এসে কর্মীরা চুরির বিষয়টি টের পান। মালিক জগন্নাথ দাসকে তারা সঙ্গে সঙ্গে খবর দেন। দোকান থেকে সর্বস্ব টাকা লুট হওয়ার ঘটনায় তিনি কান্নায় ভেঙে পড়েন। সিসি ক্যামেরায় দুই চোরের কীর্তি ধরা পড়েছে। তা দেখে ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিস।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে কঙ্কালীতলা পঞ্চায়েতের নানুর রোডে বেশ কয়েক বছর ধরে রেস্টুরেন্ট ও মদের দোকান চালান স্থানীয় বাসিন্দা জগন্নাথ দাস। শনি ও রবিবার ব্যাংক বন্ধ থাকায় ব্যবসার টাকা তিনি দোকানেই রেখেছিলেন। তার সঙ্গে জমি বিক্রির টাকাও ছিল। এরপর এদিন দোকান খুলে লন্ডভন্ড পরিস্থিতি দেখে কর্মীরা চমকে ওঠেন। দোকানের জানালার লোহার রড কাটা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে রাত দেড়টার নাগাদ দুই চোর মুখে ঢাকা নিয়ে প্রবেশ করে। শুরু করে লুটপাট। আধ ঘণ্টার অপারেশন শেষে, যাওয়ার আগে মদের বোতল নিতেও ভোলেনি দুই চোর। দোকানের মালিক জগন্নাথ দাস বলেন, ‘দোকানের পুঁজির চুরি হয়ে গিয়েছে। শান্তিনিকেতন থানায় অভিযোগ জানিয়েছি। সিসি ক্যামেরার ফুটেজ পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, আমার সন্দেহ পরিচিতের মধ্যেই কেউ এই কাজ করেছে। নিঃসন্দেহে, দুজনেই গেঁয়ো চোর। কারণ, দোকানে থরেথরে দামি মদ রাখা থাকলেও কম দামিগুলোই নিয়ে গিয়েছে।’



