Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কঙ্কালীতলায় কোপাইয়ের সেতু তৈরি শুরু

কঙ্কালীতলায় কোপাইয়ের সেতু তৈরি শুরু
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: শুরু হল কোপাই নদীর উপর নতুন সেতু নির্মাণ। 
Advertisement
জেলা পরিষদের উদ্যোগে ও কঙ্কালীতলা পঞ্চায়েতের তত্ত্বাবধানে হওয়া এই সেতু জুড়ে দেবে সর্পলেহনা-আলবাঁধা ও কঙ্কালীতলা পঞ্চায়েতকে। কঙ্কালীতলা মন্দির সংলগ্ন ‘মাটির সৃষ্টি’ প্রকল্পের পাশেই সেতুটি তৈরি হচ্ছে। মূলত কঙ্কালীতলার বাৎসরিক উৎসবের সময়ে পার্শ্ববর্তী পঞ্চায়েতের একাধিক গ্রাম থেকে মানুষজন ও ভক্ত সমাগম হয়ে থাকে। কিন্তু কোপাই নদীর উপর কোনও সেতু না থাকায় তাঁদের অনেকটা ঘুরপথে আসতে হতো। এই সেতু হয়ে গেলে সেই সমস্যা মিটবে। পাশাপাশি দু’টি পঞ্চায়েতের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে। জেলা পরিষদ ও কঙ্কালীতলা পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুই অঞ্চলের মানুষ। 
৫১ সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা। সারা বছর এখানে বিভিন্ন তিথিতে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে। তবে সব থেকে বেশি ভিড় হয় মা কঙ্কালীর বাৎসরিক উৎসব চৈত্র সংক্রান্তিতে। সেই সময়ে রাজ্য সহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ উপস্থিত হয় কঙ্কালীতলা মন্দির চত্বরে। জানা গিয়েছে, প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ২০০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি। আগামী এপ্রিল মাসে কঙ্কালী মায়ের বাৎসরিক পুজোর আগেই তা উদ্বোধন করার লক্ষ্য রয়েছে। বিগত কয়েক বছরে কঙ্কালীতলা সতীপীঠকে কেন্দ্র করে নানা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মন্দিরকে ঢেলে সাজানোর পাশাপাশি সতীপীঠ সংলগ্ন এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় কোপাই নদীর পাড়ে বেনারসের আদলে গঙ্গা আরতি করা হয়। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি গঙ্গা আরতি দেখতে প্রতিদিন ভিড় করেন শান্তিনিকেতনে আসা পর্যটকরা। নানুরের বিধায়ক বিধান মাঝি বলেন, মুখ্যমন্ত্রী নিজে সতীপীঠ কঙ্কালীতলা পরিদর্শনের পরই এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এবার এই সেতু নির্মাণের মধ্য দিয়ে এই দু’টি অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।
সম্পর্কিত সংবাদ