সংবাদদাতা, শান্তিনিকেতন: নানুরের কঙ্কালীতলা পঞ্চায়েতে বহুদিন ধরে জামাকাপড় ও নানা খাদ্যসামগ্রী মজুত হয়ে পড়ে আছে। কয়েকলক্ষ টাকার সামগ্রী বিলি হয়নি। সোমবার দুপুরে খোদ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এই অভিযোগ তোলেন। তিনি তাড়াতাড়ি ওই সামগ্রী এলাকার দুঃস্থ মানুষের মধ্যে বিলির ব্যবস্থা করেন। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট পঞ্চায়েতের দায়িত্বে থাকা লোকজনের অনীহার কারণে ওই সামগ্রী সঠিক সময়ে বিলি করা যায়নি।
Advertisement
সোমবার দুপুরে কঙ্কালীতলা পঞ্চায়েত পরিদর্শনে যান সভাধিপতি। তাঁর সঙ্গে ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও অন্য নেতৃত্ব। পঞ্চায়েতের গোডাউন খুলতেই দেখা যায়, সেখানে বস্তাভর্তি বাদাম, ভুট্টা সহ নানা খাদ্যসামগ্রী মজুত আছে। যার মধ্যে বেশ কিছু নষ্ট হয়ে গিয়েছে। খাদ্যসামগ্রীর পাশে বস্তা বোঝাই করে কম্বল, জামাকাপড়, খেলার সরঞ্জামও রাখা হয়েছে। বিষয়টি দেখতে পেয়ে সভাধিপতি সেসব সামগ্রী দুঃস্থ মানুষের মধ্যে বিলির ব্যবস্থা করেন। কী কারণে কয়েকলক্ষ টাকার সামগ্রী মজুত করে নষ্ট করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন।
সভাধিপতি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুজোর সময় বিভিন্ন এলাকায় বস্ত্র বিতরণ করা হয়। কিন্তু এদিন পঞ্চায়েত এসে দেখলাম, প্রচুর পরিমাণে জামা কাপড় বিলি করা হয়নি। এছাড়া, সম্ভবত বন্যার ত্রাণের খাদ্যসামগ্রীও ঠিকমতো বিলি হয়নি।