Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কঙ্কালীতলায় বালি বোঝাই ৩টি ট্রাক্টর বাজেয়াপ্ত

কঙ্কালীতলায় বালি বোঝাই ৩টি ট্রাক্টর বাজেয়াপ্ত
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: কঙ্কালীতলা পঞ্চায়েতের আদিত্যপুরের কাছে কোপাই নদীর পাড় থেকে বালি বোঝাই তিনটি ট্রাক্টর আটক করল শান্তিনিকেতন থানার পুলিস। বালি চুরির খবর পেয়ে শনিবার পুলিস সেখানে অভিযান চালিয়েছিল। রবিবার ওই সমস্ত ট্রাক্টর বাজেয়াপ্ত করে মামলা রুজু হয়েছে। তবে বালি চুরির ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
Advertisement
শান্তিনিকেতন থানার নানা এলাকা দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী। আবার বোলপুর থানার বড় অংশ দিয়ে বয়ে যাচ্ছে অজয় নদ। এই দু’টি নদীর পাড় থেকেই ক্রমাগত বালি চুরি হয়ে থাকে। শান্তিনিকেতন থানার কঙ্কালীতলায় আদিত্যপুর লাগোয়া কোপাই নদী থেকে দিনের আলোয় দেদারে বালি চুরি চলছিল। গোপন সূত্রে শান্তিনিকেতন থানার পুলিস সেই খবর পায়। এরপরই পুলিস ভ্যান সেই এলাকায় পৌঁছয়। পুলিস দেখে ট্রাক্টর ও বালি তোলার সরঞ্জাম ফেলে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পুলিস তিনটি ট্রাক্টর আটক করে। নদীতীরবর্তী এলাকায় আগামী দিনেও এরকম অভিযান ও ধরপাকড় চলবে বলে পুলিস জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রেই এলাকার দুষ্কৃতীরা স্থানীয় প্রশাসনকে হাত করে এই অবৈধ কারবার চালাচ্ছে। তাদের পিছনে রাজনৈতিক নেতৃত্বেরও মদত রয়েছে। দিনভর বালিবোঝাই ট্রাক্টর যাতায়াতে গ্রামের রাস্তা বেহাল হয়ে পড়ছে। ফলে গ্রামের বাসিন্দারা সমস্যায় পড়ছেন। শুধু বালি পাচারই নয়, নদীর পাড় থেকে মাটিও কেটে নিচ্ছে চোরাকারবারিরা। এর জেরে ভূমিক্ষয়, বন্যা পরিস্থিতি সহ নদী লাগোয়া কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বেআইনি কারবারিদের বিরুদ্ধে পুলিস ও প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করুক-এমনটাই চাইছেন স্থানীয় বাসিন্দারা। নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি বলেন, এধরনের অভিযোগ আগেও পেয়েছি। সমস্ত কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ