সংবাদদাতা, কান্দি: ৫ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে কান্দিতে মার্কেট কমপ্লেক্স তৈরি করবে মুর্শিদাবাদ জেলা পরিষদ। বৃহস্পতিবার বিকেলে ওই মার্কেট কমপ্লেক্সের শিলান্যাস হয়। কান্দি পুরভবন লাগোয়া জেলা পরিষদের জমিতে এটি তৈরি হতে চলেছে। এদিন অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) মহম্মদ শামসুর রহমান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জোহা বিশ্বাস ও কান্দির বিধায়ক অপূর্ব সরকার প্রকল্পের শিলান্যাস করেন।
Advertisement
এদিন সভাধিপতি বলেন, মার্কেট কমপ্লেক্সের জন্য প্রায় ৫ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। কয়েকমাসের মধ্যেই কাজ শেষ হবে। মার্কেটের স্টল বিলির ক্ষেত্রে বেকারদের অগ্রাধিকার দেওয়া হবে। জেলা পরিষদ প্রতিটি মহকুমায় একটি করে বড় প্রকল্প করতে চলেছে। তার মধ্যে অডিটোরিয়াম থেকে স্টেডিয়ামও রয়েছে। অতিরিক্ত জেলাশাসক বলেন, আধুনিক মানের মার্কেট কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে।



