Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে কার্তিকের মূর্তি কেনার হিড়িক

কান্দিতে কার্তিকের মূর্তি কেনার হিড়িক
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: কার্তিক পুজোর কয়েকদিন আগে থেকেই কান্দিতে  মূর্তি কেনার হিড়িক পড়েছে। ১৫০থেকে ২৫০টাকায় ছাঁচের কার্তিক মূর্তি বেশি বিক্রি হচ্ছে। মূর্তি বিক্রির এমন বাজার আগে কোনওদিন পাওয়া যায়নি বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্দি মহকুমা এলাকায় কার্তিকপুজো হাতে গোনা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই মৃৎশিল্পীদের দিয়ে প্রতিমা তৈরি করে নেওয়া হয়। এভাবে মূর্তি বিক্রির চল এই এলাকায় তেমন নেই। কিন্তু, এবার সেই পরিস্থিতি বদলে গিয়েছে। কান্দি শহরে অন্তত ২০টি দশকর্মার দোকানে ব্যাপকভাবে ছাঁচের কার্তিক মূর্তি বিক্রি শুরু হয়েছে। দরও সাধ্যের মধ্যে রয়েছে। আট ইঞ্চির মূর্তির দর রাখা হয়েছে ৯০ টাকা। এরপর সাইজ অনুপাতে ৮৫০ টাকা পর্যন্ত মূর্তিগুলি দশকর্মার দোকানেই মিলছে। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছোট ও মাঝারি সাইজের মূর্তি। ব্যবসায়ী নীলমাধব রুজ বলেন, কার্তিক মূর্তি বিক্রির এত ভালো বাজার আগে কোনওদিন পাওয়া যায়নি। এবছর দেখছি শুধু শহর নয়, গ্রাম থেকেও বহু ক্রেতা মূর্তি নিতে আসছেন। 
বিক্রেতা তাপসকুমার দত্ত বলেন, ছোট ও মাঝারি সাইজের মূর্তির চাহিদা প্রচুর। আমাদের স্টকও শেষ হওয়ার মুখে। ভরতপুর থানার জজান গ্রামের ক্রেতা শোভন রায় বলেন, আগে কার্তিক পুজোর তেমন চল না থাকলেও গতবছর গ্রামে অন্তত ৫০ জায়গায় কার্তিক পুজো হয়েছিল। এবার তা বেড়ে দ্বিগুণ হবে বলে মনে হচ্ছে। -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ