সংবাদদাতা, কান্দি: কান্দিতে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড। প্রায় পাঁচ বছর আগের গুলি করে খুনের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। ২০১৯ সালের ৫ আগস্ট খুন হন তৎকালীন কান্দি পঞ্চায়েত সমিতির সদস্য গোসাইডোব গ্রামের বাসিন্দা জাহাঙ্গির শেখ। বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তারকনাথ ভকত আসামী সৌদি আলিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্তের বাড়ি গোসাইডোব গ্রামেই। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের ৫ আগস্ট বিকেলের জাহাঙ্গির শেখ কান্দি থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। জাহাঙ্গির সাহেবকে গুলি করে খুন করা হয়। এই ঘটনার পরের দিন মৃতের দাদা সিদ্দিক আলম ছ’জনের নামে কান্দি থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিস খুনের মামলা রুজু করে তদন্তে নামে। অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়। বাকি দু’জন এখনও পলাতক। এই মামলায় মোট ২৪জনের সাক্ষ্য নেওয়া হয়। এরপর মঙ্গলবার সৌদি আলিকে দোষী সাব্যস্ত করেন বিচারক। ওই দিনই তিনজনকে বেকসুর খালাসের নির্দেশ দেন বিচারক। আদালতের সরকারি আইনজীবী সুনীলকুমার চক্রবর্তী বলেন, এই খুনের মামলায় মোট ছ’জন আসামী থাকলেও একজনকেই দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। আর তিনজনকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়েছে।



