Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে ডাম্পারের চাকায় পা কাটা পড়ল প্রৌঢ়ার, জখম ১   

কান্দিতে ডাম্পারের চাকায় পা কাটা পড়ল প্রৌঢ়ার, জখম ১ 
 
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কান্দি: ডাক্তার দেখাতে আসার পথে দুর্ঘটনায় একটি পা কাটা পড়ল বাইক আরোহী প্রৌঢ়ার। অপর পাও বাদ পড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাইক চালক তথা প্রৌঢ়ার জামাইও গুরুতর জখম হয়েছেন। শনিবার সকালে কান্দি থানার মারুড়া মোড়ে কান্দি-পাঁচথুপি রাজ্য সড়কের কাছে এঘটনা ঘটেছে। এলাকার বাসিন্দারা জখমদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। কান্দি থানার পুলিস ডাম্পারটি আটক করলেও চালক পলাতক।
Advertisement
পুলিস জানিয়েছে, এদিন সকালে বড়ঞা থানার আকুন্দি গ্রামের প্রকাশ ঘোষ তাঁর শাশুড়িকে নিয়ে বাইকে কান্দি আসছিলেন। তাঁর শাশুড়ি জয়ন্তী ঘোষের ব্লাড সুগার, প্রেশার ইত্যাদি রোগ আছে। কান্দিতে ডাক্তার দেখাতে আসছিলেন তিনি। মারুড়া মোড়ের কাছে একটি খালি ডাম্পার বালি আনতে ডাকবাংলা যাচ্ছিল। প্রচণ্ড জোরে চলা ডাম্পারটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকে এসে প্রকাশবাবুর বাইকে ধাক্কা মারে। এতে প্রকাশবাবু ও তাঁর শাশুড়ি বাইক থেকে পড়ে যান। ডাম্পারের পেছনের চাকা প্রকাশবাবুর একটি পা ও জয়ন্তীদেবীর দু’টি পায়ের উপর দিয়ে চলে যায়। প্রৌঢ়ার ডান পা ঘটনাস্থলেই কেটে পড়ে যায়। খবর পেয়ে পুলিস তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জয়ন্তীদেবীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়।
প্রকাশবাবু বলেন, ডাম্পারের গতি দেখে আমি রাস্তা ছেড়ে বাইক নিয়ে মাটিতে চলে এসেছিলাম। তা সত্ত্বেও ডাম্পারটি ধাক্কা মারল। চোখের সামনেই শাশুড়ির পা কাটা পড়ল।
প্রকাশবাবুদের পড়শি বরুণকুমার রায় বলেন, প্রকাশের একটি পায়ের উপর দিয়ে চাকা চলে গেলেও ওঁর শাশুড়ির দু’টি পায়ের উপর দিয়ে ডাম্পারের চাকা গিয়েছে। তাঁর একটি পা কাটা গিয়েছে। অন্য পাও বাদ যেতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ