Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে ডাম্পার ও বাইকের সংঘর্ষে দুই মাসতুতো ভাইয়ের মৃত্যু

কান্দিতে ডাম্পার ও বাইকের সংঘর্ষে দুই মাসতুতো ভাইয়ের মৃত্যু
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: কথা ছিল রাতের খাবার বাড়ির সকলে একসঙ্গে বসেই খাবেন। কিন্তু তা আর হল না। রেস্টুরেন্ট থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দুই মাসতুতো ভাইয়ের। শুক্রবার রাতে কান্দি থানার হাটপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। রাত ৮টা নাগাদ বহরমপুর-সুলতানপুর ১১ নম্বর রাজ্য সড়কে গোকর্ণ গ্রামের কাছে ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় বাইক আরোহী দুই ভাইয়ের। পুলিস জানিয়েছে, মৃতদের নাম আকসার উদ্দিন শেখ(২৯) ও চাঁদ মহম্মদ শেখ(২৮)। পুলিস ডাম্পার ও বাইকটি আটক করেছে। তবে ডাম্পারের চালক পলাতক।
Advertisement
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের মাঝামাঝি এলাকায় পাশাপাশি দুই ভাইয়ের বাড়ি। সৌদি আরব থেকে বাড়ি ফিরে তাঁরা দু’জনে একসঙ্গেই ছিলেন। শুক্রবার উভয়েই নিজের বাড়িতে রাতে রান্না করতে বারণ করে দিয়েছিলেন। পরিবর্তে স্থানীয় গোকর্ণ পার্কের সামনের একটি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে যাবেন বলে গিয়েছিলেন। সেইমতো সন্ধ্যার পরেই তাঁরা ওই রেস্টুরেন্ট থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে বাইকে বাড়ির দিকে রওনা দিয়েছিল। বাইক চালাচ্ছিলেন আকসার।  কিন্তু রেস্টুরেন্ট থেকে প্রায় ৫০০ মিটার দূরে রাস্তার একটি বাঁক ঘুরতে গিয়ে ডাম্পার ও বাইকের মুখোমুখি ধাক্কায় দু’জনের মৃত্যু হয়। 
মৃতের আত্মীয় মিস্টার শেখ বলেন, কান্দিগামী একটি ডাম্পার দ্রুত গতিতে যাওয়ায় বাইক চালকের কিছু করার ছিল না। ডাম্পারের সামনে পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। তাঁদের বাইকটি দুমড়ে মুচরে গিয়েছে। পরে তাঁদের কান্দি মহকুমা হাসপাতাল নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানান। মৃত আকসারের বাড়িতে স্ত্রী ও দুই শিশুকন্যা আছে। মৃতের স্ত্রী নগিনা খাতুন জানান, এদিন রাতে বাড়ির সকলে মিলে একসঙ্গে বসে ডিনার করার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনা গোটা পরিবারকে পথে বসিয়ে দিল।  দুটি তরতাজা প্রাণ চলে যাওয়ায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃত চাঁদ মহম্মদের কোন সন্তান না হলেও বাড়িতে স্ত্রী আছে। তাঁর স্ত্রী বেবি খাতুন কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন। চাঁদ সাহেবের বাবা সানোয়ার শেখ বলেন, দিনদশেক পর দু’জনের একসঙ্গেই ফের কাজের সূত্রে সৌদি আরব যাওয়ার কথা ছিল। সেইমতো রবিবার ট্রেনে মুম্বই রওনা দিত। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।
সম্পর্কিত সংবাদ