সংবাদদাতা, কান্দি: স্বামী তিনমাস আগে কেরলে কাজে গিয়েছেন। তাঁর নিজস্ব বাড়িও নেই। সেজন্য ছয়মাসের সন্তানকে নিয়ে বাপের বাড়িতে ফিরেছিলেন বধূ। কিন্তু অভিযোগ, বাড়ির দখল নিতে পারেন ভেবে বধূর বাপের বাড়ির লোকজনই ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালিয়েছে। ওই বধূ কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার সকালে কান্দি থানার গোবিন্দপুর গ্রামে এঘটনা ঘটেছে। সুফিয়া বিবি নামে ওই বধূ তাঁর বাবার বাড়ির কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্তরা পলাতক। ওই বধূ বলেন, প্রায় চারবছর আগে পুরন্দরপুর গ্রামের আজিজুল শেখের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী খুব গরিব। তাঁর নিজের বাড়িও নেই। তিনমাস আগে উনি কেরলে চলে যাওয়ায় আমি সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে আসি। এতদিন বাপের বাড়িতেই ছোট ভাইয়ের ঘরে ছিলাম।



