সংবাদদাতা, মানিকচক: কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত ন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড সার্ভিস মান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মালদহের নাম উজ্জ্বল করল মানিকচকের দুই সুস্বাস্থ্য কেন্দ্র। কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন সুস্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খতিয়ে দেখা হয়। সেই পরীক্ষায় পাশ করেছে মানিকচকের গোপালপুর ও নাজিরপুর সুস্বাস্থ্য কেন্দ্র। এই খবরে খুশির হাওয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ও কর্মীদের মধ্যে। দুই দফা খতিয়ে দেখার পর পাশ করার তালিকায় রাজ্যের ১৮টি সুস্বাস্থ্য কেন্দ্রের নাম রয়েছে। তার মধ্যে রয়েছে নাজিরপুর ও গোপালপুর সুস্বাস্থ্য কেন্দ্র। গত সেপ্টেম্বর মাসে প্রথম তালিকায় ৭৮.০৬ শতাংশ পেয়ে তৃতীয় স্থান পেয়েছিল নাজিরপুর সুস্বাস্থ্য কেন্দ্র এবং ডিসেম্বর মাসের তালিকায় ৮৭.৭৮ শতাংশ পেয়ে রাজ্যে চতুর্থ গোপালপুর সুস্বাস্থ্য কেন্দ্র। ব্লক স্বাস্থ্য আধিকারিক অভীক শঙ্কর কুমার বলেন, মূলত স্বাস্থ্য পরিষেবার মান, পরিচ্ছন্নতা সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে সুস্বাস্থ্য কেন্দ্রগুলির মান নির্ণয় করা হয়।



