সংবাদদাতা, কান্দি: বৃহস্পতিবার কান্দি রাজ পরিবারের রাধাবল্লভ জিউর মন্দিরে নবান্ন উৎসবে মেতে উঠলেন বাসিন্দারা। এদিন সাত সকালেই বাসিন্দারা পুজোর ডালি নিয়ে মন্দিরে লাইন দিয়ে পুজো দেন। পরে নবান্নর প্রসাদ বাড়ি নিয়ে যান।
Advertisement
প্রসঙ্গত, কান্দি মহকুমার বহু গ্রামেই নবান্ন উৎসব শেষ হয়েছে। কিন্তু প্রতি বছরের মতো এবারও প্রায় শেষ দিকে ওই মন্দিরে নবান্ন অনুষ্ঠিত হল। মন্দির কমিটি সূত্রে জানানো হয়, এলাকায় কার্তিক মাসে নবান্ন উৎসব হলেও এই মন্দিরে নতুন চাঁদের উপর নবান্নের তিথি নির্ভর করে। সেই হিসেবে অগ্রহায়ণের নতুন চাঁদ ওঠার পরেই নবান্নের দিনক্ষণ এদিন ঠিক হয়েছে। এদিন সকাল থেকেই মন্দিরে বহু বাসিন্দা নবান্নের পুজো দিতে আসেন। সকালের দিকে একটা সময় দীর্ঘ লাইনও পড়ে যায়। কান্দির বাসিন্দা প্রেমানন্দ অধিকারী বলেন, শহরের অধিকাংশ বাসিন্দা এই মন্দিরের প্রসাদ নিয়ে বাড়িতে নবান্ন করেন। সেই কারণে আজ মন্দিরে পুজো দিতে আসা। হয়তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়েছে। কিন্তু তাতে বেশ আনন্দ পেয়েছি।অপর বাসিন্দা হিরন্ময় দে বলেন, কান্দির অধিকাংশ বাসিন্দা রাধাবল্লভ জিউর মন্দিরের নবান্নের সঙ্গেই বাড়িতে নবান্ন করেন। সেই হিসেবে মন্দিরে ভিড় হবে এটা জানা। তবে আজকের দিন কান্দির প্রত্যেক পরিবারে উন্মাদনা ছিল। ওই মন্দিরের প্রধান পুরোহিত প্রশান্ত অধিকারী বলেন, ইতিমধ্যে কান্দির বিভিন্ন এলাকায় নবান্ন উৎসব হয়েছে। এখানে প্রায় শেষের দিকে নবান্ন হচ্ছে। কিন্তু এটাই রীতি। অগ্রহায়ণের নতুন চাঁদ ওঠার পরেই এখানে নবান্নের দিন ঠিক হয়।



