সংবাদদাতা, কান্দি: মাত্র মিনিট দেড়েকের জন্য বাইক ছেড়ে চায়ের দোকানে ঢুকেছিলেন। তার মধ্যেই দু’লক্ষ টাকাভর্তি ব্যাগ নিয়ে পালাল এক দুষ্কৃতী। ফিল্মি কায়দায় ‘অপারেশন’, বাইক থেকে ব্যাগটি নিয়েই চলন্ত বাসে উঠে পড়ল দুষ্কৃতী। বুধবার দুপুরে কান্দি থানার জীবন্তি গ্রামের ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ স্থানীয় লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা বশির শেখ জীবন্তি গ্রামে আসেন। সেখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে বাইক রেখে ভিতরে ঢোকেন। ব্যাঙ্ক থেকে তিনি দু’লক্ষ টাকাও তোলেন। একটি ছোট ব্যাগে সেই টাকা নিয়ে ব্যাঙ্কের বাইরে আসেন। বাইকের পিছনে ঝোলানো আর একটি ব্যাগের ভিতর টাকার ব্যাগটি রেখে হাত দশেক দূরে একটি চায়ের দোকানে ঢোকেন। কিন্তু চা না খেয়েই মিনিট দেড়েকের মধ্যে তিনি দোকান থেকে বাইকের কাছে ফিরে এসে দেখেন ব্যাগটি উধাও। ওই যুবক চিৎকার শুরু করলে বাসিন্দারা সেখানে হাজির হন। সকলে মিলেই ব্যাগের খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর ব্যাগটি ছিনতাই হয়ে গিয়েছে বলে পরিষ্কার হয়ে যায়। ঘটনার খবর পৌঁছয় স্থানীয় মহালন্দি পঞ্চায়েত ও কান্দি থানার পুলিসের কাছে। পঞ্চায়েতের সিসি ক্যামেরায় দেখা যায় এক যুবক টাকার ব্যাগটি বাইক থেকে নিয়ে ছুটে পালাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই কান্দিগামী একটি বেসরকারি চলন্ত বাসে উঠে পড়ে সে। পঞ্চায়েতের পক্ষ থেকে এই ফুটেজ পুলিসকেও দেওয়া হয়। পরে ওই যুবক কান্দি থানার গোকর্ণ পুলিস ফাঁড়িতে ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ ধরে দুষ্কৃতীকে শনাক্ত করার চেষ্টা চলছে। বশির শেখ বলেন, কিছুদিন আগেই আমি সৌদি আরব থেকে গ্রামে ফিরেছি। কাজের সূত্রেই সেখানে ছিলাম। বাড়ির দরকারে ব্যাঙ্ক থেকে দু’লক্ষ টাকা তুলেছিলাম। কিন্তু টাকার ব্যাগটি বাইকে রেখে কয়েক সেকেন্ডের জন্য চায়ের দোকানে ঢুকতেই সব চলে গেল। এই টাকা ফিরে না পেলে আমার পরিবার চরম অসুবিধায় পড়ে যাবে।



