সংবাদদাতা, মানবাজার: ইট নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর থেকে পড়ে এক যুবতীর মৃত্যু হল। বুধবার বিকেলে পুরুলিয়ার কেন্দা থানার দেওরাং গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃতার নাম ভারতী শবর(১৯)। তাঁর বাড়ি কেন্দা থানার বাবুইজোর গ্রামে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাক্টরটি স্থানীয় একটি ভাটা থেকে ইট বোঝাই করে নিয়ে যাচ্ছিল। ভারতী ট্রাক্টরের ট্রলিতে ইটের উপরে বসেছিলেন। দেওরাং গ্রামের কাছে রাস্তার একটি বাঁকে ট্রাক্টর থেকে তিনি পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় রাজনোয়াগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে।



