Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দি মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে ডায়ালিসিস ইউনিট

কান্দি মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে ডায়ালিসিস ইউনিট
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: প্রতীক্ষার অবসান। দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে ডায়ালসিস ইউনিট। সম্প্রতি ওই হাসপাতালে ডায়ালিসিস মেশিনও এসে পৌঁছেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে হাসপাতালের ১০০ বেডের নতুন ভবনের উদ্বোধনের পরেই এই ইউনিট চালু হবে বলে জানানো হয়েছে। তাই নতুন ভবনের উদ্বোধনের দিকে তাকিয়ে রয়েছেন রোগীর পরিজনরা।
Advertisement
প্রসঙ্গত, কান্দি মহকুমার কিডনি রোগীদের ডায়ালিসিসের জন্য একমাত্র ভরসা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। অত দূরে গিয়ে সময়মতো ডায়ালসিস করতে না পারা নিত্য সমস্যা রোগীর পরিজনদের। তাই দীর্ঘদিন ধরে কান্দির হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালুর দারি জানিয়ে আসছেন বাসিন্দারা। 
হাসপাতাল সূত্রে জানান হয়েছে, প্রায় ন’ কোটি টাকা ব্যয়ে হাসপাতালে নতুন একটি ১০০ বেডের ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে চলছে। শীঘ্রই এটির উদ্বোধন হয়ে যাবে। আর নতুন ভবনের উদ্বোধন হলে সেখানে পুরনো ভবনের দুটি ওয়ার্ড স্থানান্তরিত করা হবে। পুরনো ভবনের খালি করা ওয়ার্ড দুটিতেই চালু হবে ডায়ালিসিস ইউনিট। পুরনো ভবনে এইচডি ইউনিটও চালু থাকছে। হাসপাতাল সুপার রাজেশনাথ সাহা বলেন, ডায়ালিসিস ইউনিট চালু হচ্ছে। তবে সঠিক দিনক্ষণ এখনই জানানো যাচ্ছে না। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, নতুন ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুত রাজ্যের মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করবেন। তারপরেই ডায়ালসিস ইউনিট চালু হয়ে যাবে।
উল্লেখ্য, বছরখানেক আগে কান্দির হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক স্ট্যাডিং কমিটির সদস্যরা পরিদর্শনে আসেন। সেই সময়ে হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছিল। এবার ডায়ালিসিস মেশিনও এসে গেল। এখন শুধু চালুর অপেক্ষা। তাই এলাকার কিডনি রোগীর পরিজনরা প্রহর গুনছেন।
সম্পর্কিত সংবাদ