সংবাদদাতা, কান্দি: বাংলা আবাস প্রকল্পে স্বচ্ছতার দাবিতে সোমবার কান্দির বিডিও অফিসে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। পরে সাত দফা দাবিতে বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়। যুব কংগ্রেসের দাবি, এলাকায় একাধিক পরিবারের পাকা বাড়ি থাকলেও তাদের নাম আবাসের তালিকায় রাখা হয়েছে। এমনকী, শাসকদলের পঞ্চায়েত সদস্যরাও তালিকা তৈরিতে হস্তক্ষেপ করছেন। অনেক উপভোক্তাকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হচ্ছে।
Advertisement
যুব কংগ্রেসের জেলা সভাপতি মহম্মদ তহিদুর রহমান বলেন, এই এলাকায় আবাস যোজনা নিয়ে ব্যাপক অনিয়ম চলছে। সেই বিষয়েই বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি। স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি জানিয়েছি। কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা পার্থপ্রতিম সরকার বলেন, আবাসের তালিকা প্রশাসনের লোকজন তৈরি করছে। কোনও পঞ্চায়েত সদস্য এতে মাথা ঘামাচ্ছেন না। আমাদের কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে প্রমাণ সহ অভিযোগ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।



