Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কানা ময়ূরাক্ষী নদীর উপর কান্দি শহরে প্রবেশের বিকল্প সেতুর কাজ ফের শুরু

কানা ময়ূরাক্ষী নদীর উপর কান্দি শহরে প্রবেশের বিকল্প সেতুর কাজ ফের শুরু
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: বর্ষার প্রায় তিনমাস বন্ধ থাকার পর ফের কাজ শুরু হল কান্দি শহরে ঢোকার বিকল্প সেতুর। কানা ময়ূরাক্ষী নদীর উপর কান্দি থানা লাগোয়া ওই সেতু করা হচ্ছে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সেতুর কাজ আটমাস আগে শুরু হলেও বর্ষার কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্প্রতি ফের তা শুরু হওয়ায় বাসিন্দাদের মধ্যে খুশি নেমে এসেছে। সেতুর কাজ প্রায় ৩০ শতাংশ হয়েছে বলে কান্দি পুরসভার দাবি।
Advertisement
প্রসঙ্গত, বহরমপুর সুলতানপুর ১১ নম্বর রাজ্য সড়ক কান্দি শহরের ভিতর দিয়ে চলে গিয়েছে। যদিও শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে যানবাহন ঢুকতে গেলে একটিমাত্র রাস্তার উপর বাসিন্দাদের নির্ভর করতে হয়। শহরের ওই সংকীর্ণ রাস্তাটি হল কান্দি নেতাজি বাস টার্মিনাস থেকে কালীবাড়ি পর্যন্ত। ওই রাস্তার উপর দিয়ে একাধিক বাজার সহ মহকুমা হাসপাতাল, আদালত, বিভিন্ন স্কুল ও কলেজে আসতে হয়। ফলে দিনের অধিকাংশ সময় যানজট লেগে থাকে ওই রাস্তায়। তাই বাসিন্দারা বহুবছর ধরে শহরে ঢোকার বিকল্প রাস্তার দাবি করে আসছেন। কিন্তু এরজন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল কানা ময়ূরাক্ষী নদী। ওই রাজ্য সড়ক থেকে শহরে ঢুকতে গেলে কানা ময়ূরাক্ষীর উপর সেতুর দরকার হয়ে পড়েছিল। কান্দি পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় দুইবছর আগে পুরসভার পক্ষ থেকে একটি শহরে ঢোকার দ্বিতীয় রাস্তা ও সেতু নির্মাণের ডিপিআর সহ আবেদন নবান্নে পাঠান হয়েছিল। পরবর্তীতে বারবার এনিয়ে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ণ দপ্তরের মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। প্রায় একবছর আগে পুর ও নগরোন্নয়ণ দপ্তর সেতু নির্মাণের জন্য প্রায় এক কোটি ৪৯ লক্ষ টাকা বরাদ্দ করে। এরপর আটমাস আগে সেতু তৈরির কাজ শুরু হয়। কিন্তু বর্ষার কারণে গত তিনমাস কাজ বন্ধ ছিল। এরপর সপ্তাহখানেক আগে ফের কাজ শুরু হওয়ায় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও খুশি নেমে এসেছে। কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, সেতুর কাজ প্রায় ৩০ শতাংশ হয়েছে। তবে পুরোদমে কাজ চলছে।
উল্লেখ্য ওই সেতুটির দৈর্ঘ্য হতে চলেছে প্রায় ২৪৬ ফুট ও চওড়া হতে চলেছে প্রায় ২০ ফুট। তবে এখনও পর্যন্ত অ্যাপ্রোচ রোডের জন্য কোনও অর্থ বরাদ্দ হয়নি। এবিষয়ে কান্দির বিধায়ক অপূর্ব সরকার জানিয়েছেন, যেমন সেতুর জন্য অর্থ বরাদ্দ হয়েছে। তেমনি অ্যাপ্রোচ রোডের জন্যও অর্থ বরাদ্দ করবে ওই দপ্তর। এনিয়ে রাজ্যের মূখ্যমন্ত্রী এবং পুর ও নগরোন্নয়ণ মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। সেতুর কাজ শেষ হওয়ার আগেই অ্যাপ্রোচ রোডের অর্থ বরাদ্দ হতে চলেছে।
তিনি আরও বলেন, এই সেতু তৈরি হলে শুধু কান্দি শহরের বাসিন্দারা নয়। শহরের বড় একটি এলাকার সঙ্গে বাইরের ব্যবসায়িক যোগাযোগও তৈরি হবে। ওই সেতুর উপর দিয়ে ব্যবসায়িক যানবাহনগুলি যাতায়াত করতে পারবে।
সম্পর্কিত সংবাদ