ভোপাল: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে খুশির হাওয়া। দু’টি শাবকের জন্ম দিল বীরা নামে চিতা। এই নিয়ে কুনোয় মোট চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। এক্স হ্যান্ডলে ফুটফুটে দু’টি শাবকের ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি লেখেন, ‘ফের ছোট চিতা শাবকের চিৎকারে ভরে উঠল কুনো। মধ্যপ্রদেশের জাঙ্গল বুকে দুই চিতা শাবক ঢুকে পড়ল। রাজ্যে চিতার সংখ্যা ক্রমশ বাড়ছে। এর হাত ধরে বাড়ছে কর্মসংস্থানের সুযোগও। আজ স্ত্রী চিতা বীরা দু’টি শাবকের জন্ম দিয়েছে। এর জন্য বনদপ্তরের সকল চিকিৎসক ও আধিকারিকদের ধন্যবাদ জানাচ্ছি।’ প্রসঙ্গত, গত নভেম্বরে চারটি শাবকের জন্ম দিয়েছিল নিরভা নামে একটি চিতা। তার আগে মার্চে পাঁচটি শাবকের জন্ম দিয়েছিল চিতা গামিনী।



