সংবাদদাতা, রঘুনাথপুর: কমিউনিটি হল অন্য গ্রামে করা হচ্ছে। এমনই অভিযোগ তুলে জেলাশাসককে লিখিত অভিযোগ করলেন নিতুড়িয়ার পছ্যাড়া গ্রামের বাসিন্দারা। এনিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। জেলাশাসক রজত নন্দা বলেন, অভিযোগের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীঘা গ্রাম পঞ্চায়েতের পছ্যাড়া গ্রামে কোনও কমিউনিটি হল না থাকায় বাসিন্দাদের সমস্যায় পড়তে হয়। উৎসব, অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনও কাজ গ্রামের মানুষকে প্যান্ডেল করে করতে হয়। ফলে খরচ বাড়ে। তাই বাসিন্দারা একটি কমিউনিটি হলের আবেদন জানান। জেলা পরিষদ সেই আবেদনে সাড়া দিয়ে একটি কমিউনিটি হলের অনুমোদন দেয়। কিন্তু, দেখা যায় কমিউনিটি হলটি ওই গ্রামে না হয়ে পাশের গ্রাম দীঘায় হচ্ছে। তাতেই ক্ষুব্ধ বাসিন্দারা। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের ২০২১-’২২ অর্থ বর্ষে কমিউনিটি হলের জন্য ২৫ লক্ষ টাকা অনুমোদন করা হয়। জানুয়ারি মাস থেকে কমিউনিটি হল তৈরির কাজ শুরু হয়েছে। কাজটি শুরুর পরেই পছ্যাড়া গ্রামের বাসিন্দাদের নজরে আসে।
Advertisement
জেলাশাসককে অভিযোগ জানানো পছ্যাড়া গ্রামের কিষন রাউত, বিধান মাজি, বাপি মুদি বলেন, আমাদের গ্রামে কমিউনিটি হলের খুব প্রয়োজন। সেইমতো আমরা গ্রামের সকলে বসে জায়গা ঠিক করে রেখেছি। জেলা পরিষদের তরফে আমাদের গ্রামে ২৫ লক্ষ টাকার কমিউনিটি হল অনুমোদন হয়। কিন্তু, তা দীঘায় করা হচ্ছে। তাই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জেলা পরিষদ সদস্য বাবুজান হেমব্রম বলেন, যতদূর জানি, কমিউনিটি হলের টেন্ডার পেপারে পছ্যাড়া গ্রামের নাম আছে। কিন্তু, ঠিকাদার সংস্থাকে কাজটির লে-আউট দেওয়ার সময় দীঘা গ্রামের নামে দেওয়া হয়েছে।



