Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুমারগ্রাম-জোড়াই রাজ্য সড়ক সংস্কারের দাবিতে অবরোধ ব্যবসায়ীদের

কুমারগ্রাম-জোড়াই রাজ্য সড়ক সংস্কারের দাবিতে অবরোধ ব্যবসায়ীদের
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা কুমারগ্রাম-জোড়াই রাজ্য সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার পথে নামলেন বারোবিশার ব্যবসায়ীরা। এদিন সকালে বারোবিশার চৌপথি সংলগ্ন তিনবাত্তি মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। ঘণ্টা খানেক ধরে চলে অবরোধ। পরে অবশ্য পুলিস ও প্রশাসনের কর্তাদের আশ্বাসে অবরোধ উঠে যায়। 
Advertisement
ব্যবসায়ী রাকেশ পাল বলেন, প্রায় এক বছর ধরে কুমারগ্রাম-জোড়াই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। আমরা এর আগে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। কথা ছিল, দুর্গাপুজোর আগে রাস্তা সংস্কার করা হবে। কিন্তু পুজোর দু’মাস পরেও রাস্তা সংস্কার হয়নি। একে তো রাস্তা বেহাল, তার উপর ধুলোয় টেকা মুশকিল। অবিলম্বে সড়ক সংস্কারের দাবিতে আমরা এদিন অবরোধ করেছি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুমারগ্রাম ব্লকের জয়েন্ট বিডিও সৌম্যব্রত সরকার এবং বারোবিশা পুলিস ফাঁড়ির ওসি সুব্রত সরকার। তাঁরা আন্দোলনকারী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এরপর অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা। প্রশাসনের তরফে ব্যবসায়ীদের বলা হয়েছে, দ্রুত রাস্তা সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলা হবে। এছাড়াও প্রতিদিন রাস্তায় জল দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে ধুলোর জন্য ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সমস্যার মধ্যে না পড়তে হয়।
এদিকে, ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে, দ্রুত সড়ক সংস্কারের বিষয়ে উদ্যোগ না নেওয়া হলে আগামীদিনে বড় ধরনের আন্দোলনে নামা হবে। বারোবিশার বাসিন্দা দেবাশিস দেববর্মন, শুভঙ্কর দাস বলেন, এই রাস্তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ওই পথ দিয়ে চলাচল করতে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা চাই, প্রশাসন দ্রুত এই সমস্যা সমাধানের উদ্যোগ নিক।
কুমারগ্রাম ব্লকের বিডিও গৌতম বর্মন বলেন, কুমারগ্রাম-জোড়াই রাজ্য সড়ক পূর্তদপ্তর দেখভাল করে। রাস্তাটি বেহাল রয়েছে। আমরা পূর্তদপ্তরের সঙ্গে কথা বলব। যাতে দ্রুত সড়ক সংস্কারের ব্যবস্থা করা হয়।
সম্পর্কিত সংবাদ