সংবাদদাতা, কুমারগ্রাম: বীর বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কুমারগ্রামে জয় জোহার মেলা অনুষ্ঠিত হল। আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং কুমারগ্রাম ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ওই অনুষ্ঠান করা হয়। বুধবার ব্লক অফিস প্রাঙ্গণে জয় জোহার মেলার সূচনা হয়। কুমারগ্রাম ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মাঠে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় কুমারগ্রাম মদনসিং হাইস্কুল, আদর্শ হিন্দি হাইস্কুলকে হারিয়ে জয়ী হয়। বৃহস্পতিবার অনুষ্ঠানের শেষ দিনে ব্লক অফিস প্রাঙ্গণে ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকার আদিবাসী শিল্পীরা নাচ-গান সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়াও এদিন ‘খেলব মাইয়া’ নামে একটি খেলার আয়োজন করা হয়েছিল। সেখানে কিশোরী ও মহিলারা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিডিও গৌতম বর্মন, জয়েন্ট বিডিও সুভাষচন্দ্র মণ্ডল, অপর জয়েন্ট বিডিও সৌম্যব্রত সরকার সহ অন্য আধিকারিকরা।



