সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের রাধানগরে একটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে বাড়ির লোকেদের চুরির ঘটনাটি নজরে আসে। ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় দেখতে পান বাড়ির লোকেরা। নগদ আনুমানিক ১ লাখ টাকা, সাড়ে তিন ভরি সোনা এবং কিছু বাসনপত্র চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। মোট সাড়ে ৩ লাখ টাকার জিনিসপত্র চুরি হয়েছে। এই খবর জানাজানি হতেই গোটা গ্রামে চাঞ্চল্য ছড়ায়। এই বিষয়ে বারোবিশা পুলিস ফাঁড়িতে এদিন লিখিত অভিযোগ জানান বাড়ির মালিক বীরচাঁদ বর্মন। রাধানগর এলাকায় রাজ্য সড়কের পাশে ওই বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, চুরির ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।



