Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুমারগ্রামে বালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবকের জেল হেফাজত

কুমারগ্রামে বালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবকের জেল হেফাজত
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: খাবারের প্রলোভন দেখিয়ে ন’বছরের এক বালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। শুক্রবার বিকেলের ওই ঘটনায় কাজল মণ্ডল নামে ধৃতকে শনিবার আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হয়। অভিযুক্তকে দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে কুমারগ্রাম ব্লকজুড়ে। অভিযুক্তের চরম শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে প্রতিবেশী ওই যুবক বালিকাকে চকোলেট ও মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সঙ্কোশ নদী পার করে জঙ্গলে নিয়ে যায়। সেখানে যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এদিকে বালিকার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। তাঁরা রাস্তায় তাকে  অসুস্থ অবস্থায় দেখতে পান। বাড়ির লোকেদের সে ঘটনার কথা খুলে বলে। এরপরই শোরগোল পড়ে যায় গোটা গ্রাম জুড়ে। বালিকাকে প্রথমে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে জেলা হাসপাতালেই তার চিকিৎসা চলছে।
ঘটনার পর পুলিস অভিযুক্ত যুবককে প্রথমে আটক করে থানায় নিয়ে যায়। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিস তাকে গ্রেপ্তার করে। শনিবার তাকে আদালতে হাজির করা হয়। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে সাধারণ মানুষ। অভিযুক্তকে ফাঁসির দাবিতে সরব হয়েছেন বালিকার গ্রামের বাসিন্দারা। আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করেছি। ঘটনার তদন্ত চলছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলেন, রাতে খুব খারাপ অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা দ্রুত তার চিকিৎসা শুরু করি। রাতে অবস্থা খারাপ থাকলেও এখন সে ভালো আছে। আশা করি সে সুস্থ হয়ে উঠবে।
সম্পর্কিত সংবাদ