সংবাদদাতা, কুমারগ্রাম: শুক্রবার সন্ধ্যায় কুমারগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কুমারগ্রামে পেট্রল পাম্পের বিপরীতে থাকা একটি খাবারের দোকানে আগুন লাগে। আগুন পাশের মুদি দোকান ও পিছনে থাকা বাড়ি, গোডাউনেও ছড়িয়ে পড়ে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথমে ব্যবসায়ী সুদীপ সাহার দোকানে আগুনে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আহত হয়েছেন সুদীপ সাহার ভাই সুমিত সাহা। তাঁকে উদ্ধার করে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাড়িতে থাকি বাকি সদস্যরা সুস্থ রয়েছেন। আগুন লাগার খবরে ঘটনাস্থলে আসে কুমারগ্রাম থানার পুলিস। বারোবিশা দমকল কেন্দ্রের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় বাসিন্দাদের অনুমান, খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে। কুমারগ্রামের বাসিন্দা তনুময় দাস বলেন, খুবই দুঃখজনক ঘটনা। আমরা এসে দেখি, দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই ব্যবসায়ীর বড় ধরনের ক্ষতি হয়ে গেল।



