সংবাদদাতা, পতিরাম: কুমারগঞ্জে ফের ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার কেটে নিল দুষ্কৃতীরা। কুমারগঞ্জের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের বাসন্তী গ্রামের ঘটনা। এনিয়ে গতকাল কুমারগঞ্জ থানার পুলিসের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএসএফ। বিএসএফ সূত্রে খবর, পাচার ও চোরাচালান করতেই এই কাঁটাতার কেটে নেওয়া হয়েছে। ওই সীমান্তের কাঁটাতারের সাতটি তার কেটেছে বলে বিএসএফ সূত্রে খবর। অভিযোগ, এর পিছনে রয়েছে ভারত-বাংলাদেশ দুই দেশের দুষ্কৃতীরাই। তবে এই ঘটনায় কাউকে আটক না করা গেলেও দ্রুত বিএসএফের নজরে আসতেই তড়িঘড়ি তা বন্ধ করা হয়েছে। রাতের অন্ধকারে এবং ঘন কুয়াশাতে এই কাজ করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। এদিকে, কিছুদিন আগেই কুমারগঞ্জের সীমান্তে কাঁটাতার কাঁটা হয়েছিল। গত কয়েকদিন আগেও পতিরামের চকবংশী সীমান্তে কাঁটাতার কাটা হয়েছে। একদিকে সীমান্তে কাঁটাতার দেওয়ায় বিজিবি বাধা দিচ্ছে। তার মাঝেই পাচারকারীদের ফের কাঁটাতার কাটা নিয়ে শোরগোল পড়েছে। পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিস।
Advertisement



