Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুমীরদায় বেহাল সেতু দেখলেন জনপ্রতিনিধিরা

কুমীরদায় বেহাল সেতু দেখলেন জনপ্রতিনিধিরা
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: কাঁথি-৩ ব্লকের কুমীরদা পঞ্চায়েতের কাঞ্চেশ্বর এলাকায় একটি খালের উপর কাঠের সেতু বেহাল হয়ে পড়েছে। তাতে এলাকার মানুষ যাতায়াতে সমস্যায় পড়েছে। বুধবার ওই সেতু পরিদর্শন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজ সহ জনপ্রতিনিধিরা। 
Advertisement
কাঞ্চেশ্বর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করেন। কিন্তু এখন সেটির মাঝখান থেকে পাটাতন সরে গিয়েছে। বাইক-সাইকেল দূরের কথা, হেঁটেও যাতায়াতও দুষ্কর হয়ে পড়েছে। এলাকার বাসিন্দাদের অনেকটা রাস্তা ঘুরে যাতায়াত করতে হচ্ছে। ব্যবসায়ীরা পণ্য নিয়ে বাজারে যেতেও সমস্যায় পড়েছেন। স্কুলের ছাত্রছাত্রীদেরও অসুবিধা হচ্ছে।
এর আগে একবার সেতুটি মেরামত করা হয়েছিল। ফের ভগ্নপ্রায় দশা হয়ে গিয়েছে। পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনকে স্থানীয়রা এবিষয়ে পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন।
এদিন পরিদর্শন শেষে বিকাশবাবু বলেন, সেতুটি অনেকদিন ধরেই বেহাল। অবিলম্বে মেরামত করা প্রয়োজন। কিন্তু পঞ্চায়েত সমিতির পক্ষে এটি মেরামত বা নতুন করে তৈরি করা সম্ভব নয়। বিষয়টি সেচদপ্তরকে জানানো হয়েছে। তাড়াতাড়ি সেতুটি মেরামতের চেষ্টা চলছে। আমরা প্রস্তাব দিয়েছি, এখানে কংক্রিটের সেতু তৈরি করা হোক। ব্লকে আরও কয়েকটি কাঠের সেতু রয়েছে। সেগুলির বিষয়েও সেচদপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ