Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কামাখ্যাগুড়ি, বীরপাড়ায় আরওবি তৈরি করতে এনওসি রাজ্য সরকারের

কামাখ্যাগুড়ি, বীরপাড়ায় আরওবি তৈরি করতে এনওসি রাজ্য সরকারের
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি এবং মাদারিহাট-বীরপাড়া ব্লকের বীরপাড়াতে রেলের আরওবি তৈরির জন্য রাজ্যের তরফে প্রয়োজনীয় এনওসি মিলেছে। সোমবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান। এই খবরে স্বভাবতই খুশি কামাখ্যাগুড়ি ও আশপাশের এলাকার সাধারণ মানুষ। 
Advertisement
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রেল ও রাজ্যের তরফে যৌথভাবে কামাখ্যাগুড়ি আরওবি তৈরির বিষয়ে সমীক্ষা করা হয়। সেসময় থেকেই আরওবি তৈরির বিষয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছেন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ব্যবসায়ীর জানান, দিনে বহুবার রেলগেট বন্ধ থাকার কারণে কামাখ্যাগুড়িতে সরকারি বেসরকারি বিভিন্ন বাস ও অন্যান্য যানবাহন ঢুকছে না। যার ফলে এলাকার ব্যবসায়ী-বাণিজ্য ধ্বংসের মুখে। এই পরিস্থিতিতে আরওবি তৈরির জন্য রাজ্য এনওসি দেওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ব্যবসায়ীরা। তাঁরা চাইছেন, দ্রুত কামাখ্যাগুড়িতে আরওবি তৈরির কাজ আরম্ভ করা হোক। 
উল্লেখ্য, কামাখ্যাগুড়িতে রেলের আরওবি তৈরির দাবি দীর্ঘদিনের। ২০১৪ সালের ২৯ নভেম্বর আরওবি তৈরির দাবিতে কামাখ্যাগুড়ি রেলস্টেশনে রেল অবরোধ কর্মসূচি করেছিল স্থানীয় ব্যবসায়ী সমিতি। দল মত নির্বিশেষে সব স্তরের মানুষ ওই আন্দোলনে যোগ দিয়েছিল। কিন্তু আন্দোলনের ১০ বছর অতিক্রান্ত হয়ে গেলেও আরওবি তৈরি হয়নি। এর জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে টালবাহানা চলছিল। চলছিল একে অপরকে দোষারোপের পালা। কিন্তু সেই জট কাটিয়ে ওঠা সম্ভব হল বলে মনে করা হচ্ছে। কামাখ্যাগুড়ি ও বীরপাড়াতে রেলের আরওবি তৈরির জন্য সমস্ত ব্যয়ভার বহন করবে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে এমনটাই জানা গিয়েছে। 
কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা বলেন, আরওবি জন্য আমরাই প্রথম আন্দোলনে নামি। রাজ্যের তরফে এনওসি দেওয়া হয়েছে। আশা রাখছি, এবার রেল আরওবি তৈরির প্রক্রিয়া শুরু করবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে কুমারগ্রাম ও আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকের সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবে। 
কামাখ্যাগুড়ির বাসিন্দা বিমল সরকার, রওশন আলি বলেন, কামাখ্যাগুড়িতে রেলের আরওবি না থাকার কারণে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এখানে দ্রুত আরওবি তৈরি করা হোক। রাজ্যের তরফে এনওসি দেওয়া হয়েছে। এতে আমরা খুশি। আশা রাখছি, এবার রেল তার যথাযথ প্রক্রিয়া দ্রুত শেষ করে আরওবির কাজ শুরু করবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ