সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি। সেই ঘটনায় ইটের পাঁচিল ভেঙে আহত হলেন সাতজন। তার মধ্যে পাঁচজনই মহিলা। বুধবার বিকেলে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর ১ (বি) ব্লকের সভাপতি মার্জিনা খাতুনের নেতৃত্বে তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছিল প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। চাঁচল ৪৫ নং বিধানসভার তুলসীহাটা, কুশিদা,বরুই ও রশিদাবাদ অঞ্চলের প্রায় পাঁচ হাজার মানুষ উপস্থিত হন সেখানে। সকাল ১১ টা থেকে শুরু হয় অনুষ্ঠান। চলে দুপুর তিনটা পর্যন্ত। স্কুলের ভিতরে কম্বল বিতরণ ও খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান শেষে একসঙ্গে প্রায় পাঁচ হাজার মানুষ স্কুলের ভিতরে ঢোকার চেষ্টা করেন। তখনই কম্বল নেওয়ার সময় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি শুরু হয়। থরে থরে ইট সাজানো ছিল দেওয়ালের মতো করে। সেই দেওয়াল ভেঙে ইট পড়ে যাওয়ায় আহত হন সাতজন। স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতৃত্ব আহতদের উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। মর্জিনা বলেন, চিরকুট দিয়ে কম্বল বিতরণ করা হচ্ছিল। সেজন্য অতিরিক্ত ভিড় হয়ে গিয়েছিল। কম্বল নিতে গিয়ে জনগণের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। ঘটনায় সাতজন আহত হয়েছেন।
জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, স্কুলের ভিতরে জায়গা কম হয়ে যাওয়ার কারণেই এটা হয়েছে। সকলেই আপাতত সুস্থ রয়েছেন।
জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, স্কুলের ভিতরে জায়গা কম হয়ে যাওয়ার কারণেই এটা হয়েছে। সকলেই আপাতত সুস্থ রয়েছেন।



