নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: কুম্ভ মেলা থেকে ফেরার সময় বাসে অসুস্থ হয়ে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মৃতের নাম হরেন মাহাত(৬০)। তাঁর বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার গোবরাডি এলাকায়। পুলিস ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রায় ৭০ জন পুণ্যার্থী বোঝাই একটি বাস প্রয়াগরাজ থেকে ফিরছিল। ওই বাসেই ছিলেন হরেনবাবু। ফেরার সময় তিনি বলতে থাকেন, আমার শরীরটা ঠিক নেই। এদিন বাসটি যখন বেগুনকোদরে প্রবেশ করে, তখনই ওই ব্যক্তি প্রচণ্ড অসুস্থ বোধ করতে থাকেন। তাঁকে বেগুনকোদর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



