Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কল্যাণীতে বিজেপির গোষ্ঠী কোন্দল 

কল্যাণীতে বিজেপির গোষ্ঠী কোন্দল 
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীতে বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এক নেতার মাথা ফাটালেন আরেক নেতা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গয়েশপুর শহর মণ্ডলের সভাপতি সহ একজন বুথ সভাপতিকে। মাসখানেক আগে গোষ্ঠী কোন্দলের কারণে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ও অফিস ভাঙচুর করা হয়। সেদিন যে দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হয়েছিল, রবিবার রাতের ঘটনা তারই জের। বিজেপির এক নেতা চেয়ার ছুড়ে পাল্টা গোষ্ঠীর নেতার মাথা ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কল্যাণীর সেন্ট্রাল পার্ক এলাকায় বিজেপির কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনের সামনে।
Advertisement
বিজেপির ওই পার্টি অফিসের সামনেই কালীপুজোর মণ্ডপ বাঁধা হয়েছিল। সেখানে বসেছিলেন দলের এসসি মোর্চার রাজ্য কমিটির সদস্য শ্রীনিবাস মণ্ডল। অভিযোগ, সেই সময় পাশের শহর গয়েশপুরের মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল দলবল নিয়ে এসে হামলা চালায় শ্রীনিবাসের উপর। তাঁকে মারধর করার পাশাপাশি চেয়ার, টেবিল ছোড়া হয়। মাথা ফাটে শ্রীনিবাস মণ্ডলের। কল্যাণীর জে এন এম হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়। ওই রাতেই তিনি কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শ্রীনিবাস মণ্ডল বলেন, আমি মণ্ডপের পাশেই বসেছিলাম। সেই সময় বিশ্বজিৎ পাল সহ কয়েকজন গালিগালাজ করছিলেন। প্রতিবাদ করতে গেলে আমাকে মারধর করা হয়। বিধায়ক অম্বিকা রায়ের ইন্ধনেই ওরা আমার উপর হামলা চালায়। মূলত দলে তাদের গ্রহণযোগ্যতা কমে যাওয়ায় তারা এই পথ নিয়েছে। বিশ্বজিৎ পাল বলেন, আমি ওখানে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। ওরাই গালিগালাজ করছিল। আমি প্রতিবাদ করতে গেলে আমাদের উপর চড়াও হয়। আমাদের একজন আহত হয়েছে। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। পুরোটাই ব্যক্তিগত। ওরা সব জায়গায় গণ্ডগোল করে বেড়ায়।
সোমবার কল্যাণী থানার পুলিস তদন্তে নেমে বিজেপির গয়েশপুর শহর মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ পাল এবং ২৩১ নম্বর বুথের বিজেপি সভাপতি পঙ্কজ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। এদিন তাঁদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। এই বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ঘটনার কথা আমি জানি না। ব্যক্তিগত ঝামেলা থেকেই সম্ভবত হাতাহাতি হয়েছে। বিজেপিতে গোষ্ঠী কোন্দল নেই।
সম্পর্কিত সংবাদ