সংবাদদাতা, কালিয়াচক: কালিয়াচকের সুজাপুর এলাকার ব্রহ্মত্তর গ্রামে বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন বধূর বাপের বাড়ির লোকজন। পুলিস জানিয়েছে, মৃতের নাম মুনতাজ খাতুন (২৪)। সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার করে সুজাপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বধূর কাকা আনোয়ার হোসেন বলেন, বিয়ের পর থেকেই আমার ভাইঝির উপর অত্যাচার করত তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। প্রায়ই তাঁকে মারধর করা হতো। এছাড়াও বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হতো। তা দিতে অস্বীকার করলেই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। আরেক আত্মীয় আবুল কালাম বলেন, সোমবার সন্ধ্যায় আমরা হাসপাতালে গিয়ে মুনতাজের নিথর দেহ দেখি। তার হাতে এবং মুখে কালশিটে ছিল। আমাদের সন্দেহ তাকে খুন করা হয়েছে। আমরা স্বামী রফিকুল শেখ সহ শ্বশুরবাড়ির কয়েকজনের বিরুদ্ধে কালিয়াচক থানায় অভিযোগ জানিয়েছি। কালিয়াচক থানার পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।



