Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুলটিতে নাকা চেকিং, পুলিসের জালে চারজন সাইবার প্রতারক

কুলটিতে নাকা চেকিং, পুলিসের জালে চারজন সাইবার প্রতারক
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: হতদরিদ্র সেজে রাজ্যের সীমানা পারের ছক ভেস্তে দিল ব্যাগে থাকা ট্যাগ। কুলটি থানার বরাকর ফাঁড়ির নাকা চেকিংয়ে ধরা পড়ল দেশজুড়ে অপরাধ করে বেড়ানো চার কুখ্যাত সা‌ইবার প্রতারক। জানা গিয়েছে, ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ডের নিরসা থানার পুলিস তাদের গ্রেপ্তারও করেছিল। এটিএম কার্ডের পিন জেনে সাইবার প্রতারণা করত এই চার মাস্টারমাইন্ড। বরাকর ফাঁড়ির তৎপরতায় ধরা পড়ার পরই আসানসোল সাইবার থানার পুলিস নিজেদের মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে নির্বাচনের কারণে বাংলা-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া কুলটি থানা এলাকায় কড়া নজরদারি  চলছে। নাকা চেকিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। শনিবার চারজনকে দেখে সন্দেহ হয় পুলিসের। তারা একটি রুটের অটোয় অত্যন্ত সাধারণ পোশাকে বাংলায় ঢুকছিল। কিন্তু ব্যাগের ট্যাগ দেখে বোঝা যায়, তারা যথেষ্ট অবস্থাপন্ন। ব্যাগ তল্লাশি চালিয়ে দামী সরঞ্জাম পাওয়া যায়। এরপরই কুলটি থানার পুলিস বরাকর ফাঁড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই তাদের সঙ্গে সাইবার অপরাধের সূত্র মেলে। আসানসোল সাইবার থানার পুলিসও তাদের খুঁজছিল। শনিবার রাতে সাইবার থানার পুলিস তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে তিনজনে বাড়ি নিরসা এলাকায়। আর একজনের বাড়ি মহারাষ্ট্রে। তারা সুকৌশলে নানা তথ্য হাতিয়ে নেট ব্যাঙ্কিং চালু করিয়ে সাইবার প্রতারণায় সিদ্ধহস্ত। ডিসি সন্দীপ কাররা বলেন, নাকা চেকিংয়ে চারজন সা‌ইবার ক্রিমিনাল ধরা পড়েছে। ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ