নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কাজের বরাত না পাওয়ার অভিযোগ তুলে ঠিকাদাররা কুলটি থানার সাঁকতেড়িয়ায় ইসিএলের সদর দপ্তরের সামনে ধর্নায় বসলেন। ঠিকাদারদের অভিযোগ, ২০-৩০ বছর ধরে তাঁরা ইসিএলের ঠিকাদারি করছেন। বড় টেন্ডার ডাকার পাশাপাশি স্থানীয় ছোট ব্যবসায়ীদের জন্য ইসিএল থেকে ছোট কাজও হতো। কিন্তু ইসিএল কর্তৃপক্ষ এখন আর কোনও ছোট কাজের বরাত দিচ্ছে না। ফলে অধিক পুঁজি থাকা ব্যবসায়ী ছাড়া কেউই টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। ছোট ঠিকাদাররা কাজের বরাত না পাওয়ায় স্থানীয় লোকজনও কাজ হারাচ্ছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার ইসিএলের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখান ঠিকাদাররা। তাঁরা ধর্নাও শুরু করেছেন। তাঁদের হুঁশিয়ারি, কর্তৃপক্ষ এর সমাধান না করলে তাঁরা আমরণ অনশন করবেন।



