নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কুলটি থানা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে জোড়া দুর্ঘটনায় পাঁচজন জখম হয়েছেন। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি নিজের স্ত্রী ও পুত্রকে নিয়ে গাড়ি করে দুর্গাপুর থেকে জাতীয় সড়ক ধরে বরাকরের রামনগর আসছিলেন। কুলটি থানার দামাগড়িয়া রেল ওভারব্রিজের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তিনজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, জাতীয় সড়কের উপরই কুলটি থানার লছমনপুরের কাছে একটি লরিকে পিছন থেকে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। লরিটি ডিভাইডারে উঠে পিকআপ ভ্যানের উপরই হেলে পড়ে। এর জেরে পিকআপ ভ্যানের চালক ও খালাসি জখম হন।



