নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সোমবার কুলটি থানার চিনাকুড়ি ১ ও ২ নম্বর কোলিয়ারিতে স্থানীয়দের কাজে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা কোলিয়ারির গেটের সামনে জমায়েত করেন। তাঁদের দাবি, ইসিএল বেসরকারি সংস্থাকে কয়লা খনিটি দিয়ে দিয়েছে। সেই বেসরকারি সংস্থা স্থানীয়দের চাকরি দিচ্ছে না। দীর্ঘক্ষণ গেট আটকে আন্দোলন হওয়ার জেরে কোলিয়ারিতে কাজ বন্ধ হয়ে যায়। পরে পুলিসের মধ্যস্থতায় স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসে কোলিয়ারি কর্তৃপক্ষ। স্থানীয়দের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিলে আন্দোলন প্রত্যাহার করেন তাঁরা।



