Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোলিয়ারির বিরুদ্ধে ক্ষোভ, জামুড়িয়ায় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন বিধায়ক

কোলিয়ারির বিরুদ্ধে ক্ষোভ, জামুড়িয়ায় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন বিধায়ক
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার খাদানের জেরে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। এমনই অভিযোগে ফুঁসছে জামুড়িয়া ব্লকের চুরুলিয়া পঞ্চায়েতের জয়নগর গ্রাম। শুক্রবার বিকেলে সেই গ্রাম পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক হরেরাম সিং। তাঁর সামনেই বাসিন্দারা কোলিয়ারি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এলাকাবাসীর অভিযোগ, গ্রামে যাতায়াত করার রাস্তা কেটে দিয়েছে কোলিয়ারি কর্তৃপক্ষ। নতুন রাস্তা তৈরির কথা ছিল। তাও সম্পূর্ণ করেনি। রাস্তায় পথবাতির ব্যবস্থা করা হয়নি। কাজ করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামের মহিলারা। কয়লা খাদানে ব্লাস্টিংয়ের জেরে গ্রামের বেশিরভাগ বাড়িতে ফাটল ধরেছে বলে অভিযোগ। কোনও সময় বাড়ি ধসে বড় দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি এলাকায় একটি স্কুলের ভবন ছিল। নিজেদের সুবিধায় ভেঙে ফেলেছে কোরিয়ারি কর্তৃপক্ষ। বাসিন্দাদের অভিযোগ, জমি অধিগ্রহণ না করেই বহু জমি দখল নিচ্ছে এই সংস্থা। বাসিন্দাদের অভিযোগ শোনেন বিধায়ক। পরামর্শ দেন, গ্রাম থেকে একটি কমিটি গঠন করা হোক। তাঁদের তিনি প্রতিনিধি হিসেবে নিয়ে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন। 
Advertisement
বিধায়ক বলেন, গ্রামে বেশকিছু গুরুতর সমস্যা রয়েছে। তাঁদের সঙ্গে কথা বলেছি। গ্রাম থেকে কমিটি গঠন করে তাঁদের নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসব।
সম্পর্কিত সংবাদ