সংবাদদাতা, মালদহ: নতুন বছরের প্রথমদিন কল্পতরু দিবস পালিত হল মালদহ রামকৃষ্ণ মিশন আশ্রমে। বুধবার মালদহ মঠে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পূর্ণাবয়ব মূর্তি নতুন পোশাকে সজ্জিত করা হয়। ফুলে সাজানো হয় মূল মন্দিরের গর্ভগৃহ। এদিন বেশ ঠাণ্ডা থাকলেও সকাল থেকে অসংখ্য মানুষ ছুটে যান মালদহ রামকৃষ্ণ মঠে। শ্রীরামকৃষ্ণদেবের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর কাছে নিজেদের মনোবাসনাও জানান ভক্তরা। ১৮৮৬ সালের ১ জানুয়ারি কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের আশীর্বাদ বিতরণ করেছিলেন রামকৃষ্ণদেব। সাধারণ মানুষের গভীর বিশ্বাস, এদিন কল্পতরু হয়ে উঠেছিলেন রামকৃষ্ণদেব। সকলের মনোকামনা পূর্ণ করেছিলেন। তারপর থেকে প্রতি বছর প্রতি ইংরেজি বছরের প্রথম দিনটি কল্পতরু দিবস হিসাবে পালিত হয়।
Advertisement
এদিন মালদহ রামকৃষ্ণ মঠে মঙ্গলারতির পরে দুপুর পর্যন্ত চলে বিশেষ পুজো, ভজন ইত্যাদি। দুপুরে ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। দেওয়া হয় নতুন বছরের ক্যালেন্ডারও। মালদহ রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজী মহারাজ বলেন, বহু মানুষ এদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও সারদা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।



