Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীপুজোর রাতে শ্যুট আউট মোবাইল,বাইক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

কালীপুজোর রাতে শ্যুট আউট মোবাইল,বাইক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বৃহস্পতিবার কালীপুজোর রাতে শ্যুট আউটের ঘটনা ঘটল রাজাভাতখাওয়ার ডিমা নদীর সেতুর কাছে। বক্সার জঙ্গলঘেরা কালচিনি-রাজাভাতখাওয়া রাজ্য সড়কে ওই সেতুর পাশে একদল দুষ্কৃতীর ছোঁড়া গুলি পায়ে লেগে জখম হলেন এক যুবক। পুলিস জানিয়েছে, জখম কলেজ পড়ুয়ার নাম অনীশ দেব। তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালিয়ে ভয় দেখিয়ে দুষ্কৃতীরা জখম যুবকের সঙ্গীদের চারটি মোবাইল ফোন ও একটি বাইক ছিনতাই করে চম্পট দেয়। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা শহরের পাশে বীরপাড়া চৌপথির বাসিন্দা অনীশ তাঁর এক বন্ধু ও দুই বান্ধবীকে নিয়ে কালচিনিতে কালীপুজোর রাতে ঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন। তখন রাত সাড়ে ৮টার মতো হবে। রাজাভাতখাওয়ার কাছে ডিমা সেতুর কাছে আসতেই বাইকে করে আসা একদল দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। দুষ্কৃতীরা অনীশ ও তাঁর সঙ্গীদের কাছ থেকে মোবাইল ফোন ও একটি বাইক ছিনতাই করে এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে চম্পট দেয়। 
দুষ্কৃতীদের ছোঁড়া একটি গুলি অনীশের হাঁটুতে এসে লাগে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে সে। পরে তাঁর সঙ্গীরা ও স্থানীয় বাসিন্দারা জখম অনীশকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করে। শুক্রবার অনীশের গুলিবিদ্ধ পায়ে অস্ত্রোপচার করে গুলিটি বের করেন চিকিৎসকরা। 
তবে দুষ্কৃতীরা ক’জন ও ক’টা বাইক নিয়ে এসেছিল অনীশ ও তাঁর সঙ্গীরা সেটা স্পষ্ট করে বলতে পারেনি। ডিমা সেতুর কাছে জঙ্গলঘেরা ওই এলাকাটি নির্জন। তার উপর রাতের ঘটনা। হাসপাতালের বিছানায় শুয়ে অনীশ বলেন, অন্ধকার থাকায় বুঝতে পারিনি দুষ্কৃতীরা ক’টি বাইকে কতজন এসেছিল। অপারেশন শেষ করেই দুষ্কৃতীরা কালচিনির দিকে চলে যায়। 
শুক্রবার দুপুর জখম যুবককে দেখতে জেলা হাসপাতালে আসেন প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। তিনি অনীশের সঙ্গে কথা বলেন। সৌরভ বলেন, কয়েক দশক আগে আলিপুরদুয়ারে রাতে রাস্তায় এভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটত। আমাদের দাবি, সেই ট্রেন্ড ফের ফিরে আসছে কি না পুলিস ভালো করে তদন্ত করে দেখুক। 
ছিনতাই হওয়া মোবাইল ফোন ট্র্যাক করে পুলিস দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালাচ্ছে। পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে। দুষ্কৃতীদের ধরতে তল্লাশি শুরু করা হয়েছে।   
সম্পর্কিত সংবাদ