Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীপুজোর রাতে খিচুড়ি খাওয়া নিয়ে ঝামেলা, মারধর, মৃত্যু যুবকের

কালীপুজোর রাতে খিচুড়ি খাওয়া নিয়ে ঝামেলা, মারধর, মৃত্যু যুবকের
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কালীপুজোর রাতে খিচুড়ি খাওয়া নিয়ে বিবাদের জেরে বার্নপুরে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, মৃতের নাম মুকেশ চৌহান (৩৬)। বাড়ি বার্নপুরের রাধানগরের নিচুপাড়া এলাকায়। শুক্রবার রাতে মারধর করা হয় বলে অভিযোগ। আসানসোল জেলা হাসপাতালে আনা হলে শনিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। হীরাপুর থানায় লিখিত অভিযোগ হওয়ার পর রবিবার সকাল পর্যন্ত পুলিস মোট তিন বন্ধুকে গ্রেপ্তার করে। পুলিস জানতে পেরেছে, বৃহস্পতিবার রাতে বার্নপুরে ছিন্নমস্তা মন্দিরের কাছে কালী মন্দিরে খিচুড়ি খাওয়া নিয়ে বন্ধুদের মধ্যে বিবাদ হয়। সেই আক্রোশ থেকেই বন্ধুরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ।
Advertisement
ডেপুটি পুলিস কমিশনার(পশ্চিম) সন্দীপ কাররা বলেন, কালীপুজোর রাতে বন্ধুদের মধ্যে খিচুড়ি খাওয়া নিয়ে বিবাদ হয়। তার জেরে কয়েকজন বন্ধু মিলে মুকেশকে মারধর করে। পরে হাসপাতালে মৃত্যু হয়। অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীপুজোর পর খিচুড়ি খাওয়া নিয়ে অশান্তি হয়। বন্ধুদের মধ্যে দু’টি দলে বিভক্ত হয়ে অল্পবিস্তর মারপিট হয়। বিষয়টি তখনকার মতো মিটেও যায়। শুক্রবার গভীর রাতে মুকেশ ছিন্নমস্তা মন্দিরের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। সেইসময় ফের বন্ধুদের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, মুকেশকে একা পেয়ে বেধড়ক মারধর করে তাঁরই কয়েকজন বন্ধু। শনিবার সকালে জখম অবস্থায় মুকেশকে রাস্তার অদূরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠান। শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর পরিবারের লোকজন বন্ধুদের উপরই খুনের অভিযোগ তোলেন। পেশায় রঙমিস্ত্রি মুকেশের এই অকাল পরিণতিতে এলাকায় শোকের ছায়া নামে। পুলিস তদন্ত শুরু করে তিনজনকে গ্রেপ্তার করে।
সম্পর্কিত সংবাদ