Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীপুজোর রাতে বিবাদ, ৩ জনকে হাঁসুয়ার কোপ

কালীপুজোর রাতে বিবাদ, ৩ জনকে হাঁসুয়ার কোপ
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুজো দেখতে যাওয়া তিন যুবককে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল একাধিক ব্যক্তির বিরুদ্ধে। কালীপুজোর রাতে ঘটনাটি ঘটেছে মালদহ থানার পুরাতন মালদহের রসিলাদহ বেহুলা শ্মশানে। রবিবার স্থানীয় থানায় সাতজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। মালদহ থানার পুলিস জানিয়েছে, মারধরের অভিযোগ জমা পড়েছে। খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
আক্রান্তদের দাবি, অভিযুক্ত সাতজনের বাড়ি মঙ্গলবাড়ি বাগানপাড়া এলাকায়। তাদের বয়স ২৮ থেকে ৫৮ বছরের মধ্যে। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তরা পরিকল্পনামাফিক যুবকদের ঘিরে লাঠি এবং হাঁসুয়া দিয়ে কোপ মেরে প্রাণে মারার চেষ্টা করে। অভিযোগকারী দশরথ ঘোষ বলেন, ৩১ অক্টোবর আমি এবং কয়েকজন বন্ধু মিলে রাত ১১টা নাগাদ কালীপুজো দেখতে গিয়েছিলাম। ১১টা ৪৫ মিনিটে নাগাদ কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন লাঠি, হাঁসুয়া নিয়ে হামলা চালায়। এলোপাথাড়ি ঘুষি মারতে শুরু করে। আমার বন্ধুরা রক্ষা করতে এলে তাদেরও হাঁসুয়া দিয়ে কোপ মারলে জখম হয়েছে। 
দশরথের দাবি, হামলা দেখে শ্মশানে আসা লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আমরা মৌলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলাম বলে অভিযোগ করতে দেরি হয়েছে। আমরা এর বিচার চাই। কেন হামলা করা হল? আক্রান্ত রঞ্জিত ঘোষ বলেন, অতীতের আক্রোশ থেকে এমন আক্রমণ হয়েছে। সেদিন ওরা যে আমাদের মেরেছে, সেটা সবাই দেখেছেন।
বেহুলা শ্মশান কমিটির অন্যতম সদস্য তথা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিবশঙ্কর ভট্টাচার্য বলেন, আমরা এবিষয়ে কিছু জানি না। নলডুবি গ্রাম পঞ্চায়েতের সদস্য শিবু কর্মকার বলেন, একটা অশান্তি হয়েছে শুনেছি। কিন্তু বিস্তারিত জানি না।
সম্পর্কিত সংবাদ