সংবাদদাতা, রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবা বাজার সংলগ্ন এলাকায় উচ্চ বাতিস্তম্ভ থাকলেও আলো জ্বলছে না। ফলে সন্ধ্যার পর গোটা এলাকা অন্ধকার হয়ে থাকছে। স্থানীয় ব্যবসায়ী তপন দত্ত, সুকুমার রায়, অর্জুন সিংহ প্রমুখ জানান, বেলাকোবা বাজার সংলগ্ন রেল গেটের কাছে হাইমাস্টের লাইট জ্বলছে না কালীপুজোর আগে থেকে। তবে এ ব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছে না গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। আমরা যতটুকু জানি পঞ্চায়েত অফিস থেকে বিদ্যুৎ বিল দেওয়া হয়। সেই বিদ্যুতের বিল তো এলাকার বাসিন্দা, ব্যবসায়ীর কাছ থেকে কর আদায় করেই হয়। তারপরও কেন এই গাফিলতি।
Advertisement
স্থানীয়দের অভিযোগ, রেলস্টেশন যাওয়ার রাস্তাটি অন্ধকার হয়ে থাকায় রাতের আঁধারে বসে মদ-জুয়ার আসর। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের শিকারপুর অঞ্চল সভাপতি নারায়ণ বসাক বলেন, পুজোর আগেই ২৫ হাজার টাকা খরচ করে লাইট লাগানো হয়েছিল। কেন জ্বলছে না, তা জানার জন্য ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলব। গ্রাম পঞ্চায়েত প্রধান প্রভা কুজুর বলেন, বোর্ডের মিটিংয়ে আলোচনা হয়েছে। শীঘ্রই সমস্যা সমাধান করা হবে।



