সংবাদদাতা, কালনা: কালনা সারঘড়িয়া এলাকায় অটো উল্টে জখম হলেন চালক সহ ১০জন। তাঁদের মধ্যে চারজনকে কালনা মধুপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিবারের লোকেরা তাঁকে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যান। বাকিরা প্রাথমিক চিকিৎসার পর বাড়ি চলে যান। বেলা সাড়ে ১২টা নাগাদ কালনা ধাত্রীগ্রাম থেকে একটি অটো ৯ জন যাত্রী নিয়ে কালনা-বর্ধমান রোড ধরে সারঘড়িয়ার দিকে যাচ্ছিল। সারঘড়িয়া মোড়ের কাছে অটোটি উল্টে রাস্তার পাশে জলাশয়ে পড়ে যায়। যাত্রীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে যাত্রীদের উদ্ধার করে। অটোয় থাকা ৯ জন যাত্রী ও অটো চালক জখম হন। কালনা মোসলেমাবাদ এলাকার বাসিন্দা জখম নয়নতারা খাতুনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে কালনা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পরিবারের লোকেরা তাঁকে অন্যত্র নিয়ে যান। বাকিদের মধুপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
Advertisement
অটোয় থাকা জখম এক যাত্রী মোসলেমাবাদের বাসিন্দা নুরজাহান বিবি বলেন, অটোটি খুব জোরেই যাচ্ছিল। সারঘড়িয়া মোড়ের কাছে অটোটি হঠাৎ উল্টে খাদের জলে গিয়ে পড়ে।



