Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনার সুলতানপুর তুলসী দাস বিদ্যামন্দিরে সাইকেল স্ট্যান্ডের উদ্বোধন মন্ত্রীর

কালনার সুলতানপুর তুলসী দাস বিদ্যামন্দিরে সাইকেল স্ট্যান্ডের উদ্বোধন মন্ত্রীর
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: সোমবার কালনা সুলতানপুর তুলসী দাস বিদ্যামন্দিরে সাইকেল স্ট্যান্ডের উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। বিধায়ক তহবিলের অর্থে ওই সাইকেলস্ট্যান্ড নির্মিত হয়। উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক অভিজিৎ জানা, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, পঞ্চায়েত প্রধান প্রমীলা মুর্মু প্রমুখ।
Advertisement
কালনা গ্রামীণ বলয় সুলতানপুর তুলসী দাস বিদ্যামন্দিরে পঠনপাঠনে যথেষ্ট সুনাম রয়েছে। পড়ুয়ার সংখ্যা প্রায় দুই হাজার। বিদ্যালয়ের শবনম পারভিন ও মৌর্য পাল মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দশের মধ্যে স্থান পেয়েছে। গত বছর স্কুলের এক অনুষ্ঠানে গিয়েছিলেন মন্ত্রী। বিদ্যালয় কর্তৃপক্ষ স্বপনবাবুর কাছে সাইকেল স্ট্যান্ড না থাকার বিষয়টি জানায়। স্বপনবাবু পড়ুয়াদের সাইকেল স্ট্যান্ডের জন্য বিধায়ক তহবিল থেকে ৬ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। সেই অর্থে স্ট্যান্ড নির্মাণ হতেই সোমবার উদ্বোধন করলেন মন্ত্রী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার প্রসার ও উন্নয়নে নানা প্রকল্প এনেছেন। বই, খাতা পোশাক সহ কন্যাশ্রী, সবুজসাথী, ট্যাব, স্কলারশিপ সহ নানা প্রকল্পের সুবিধা পাচ্ছে পড়ুয়ারা। ফলে গ্রামীণ এলাকার স্কুলগুলিও পঠনপাঠনে উন্নতি করছে। এই স্কুল তার অন্যতম উদাহরণ। গত দু’বছর ধরে মাধ্যমিকের মেধা তালিকায় রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ মণ্ডল বলেন, সাইকেল স্ট্যান্ডের অভাব ছিল। মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল। তিনি ৬ লক্ষ টাকা অনুমোদন করেন। সাইকেল স্ট্যান্ড নির্মিত হয়েছে। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।
সম্পর্কিত সংবাদ