সংবাদদাতা, কালনা: কালনা কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের মিড ডে মিলের খাওয়ার জায়গার অভাব। এগিয়ে এলেন জেলা পরিষদের তৃণমূল সদস্যা আরতি হালদার। তিনি ব্যক্তিগতভাবে মিড ডে মিল খাওয়ার জায়গা তৈরির জন্য বুধবার স্কুল কর্তৃপক্ষের হাতে ২ লক্ষ ১০ হাজার টাকা তুলে দিলেন। খুশি পড়ুয়া থেকে স্কুল কর্তৃপক্ষ।
Advertisement
কালনা-১ ব্লকের কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা এক হাজারের বেশি। মিড ডে মিল খায় প্রায় ৪০০ পড়ুয়া। রান্নার জন্য কিচেন থাকলেও পড়ুয়াদের বসে খাওয়ার কোনও জায়গা নেই। স্কুলের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তর ও এলাকার বিধায়কের কাছে আবেদন করেও সমাধান হয়নি। দিন কয়েক আগে স্কুলে এসে ছিলেন জেলা পরিষদের তৃণমূল সদস্যা আরতি হালদার। স্কুল কর্তৃপক্ষ মিড ডে মিল খাওয়ার সমস্যার কথা তাঁর কাছে তুলে ধরে। বুধবার তিনি ব্যক্তিগতভাবে মিড ডে মিল খাওয়ার জায়গা তৈরির পরিকাঠামোর জন্য ২ লক্ষ ১০ হাজার টাকার চেক স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। স্কুলের প্রধান শিক্ষক সুজিতবরণ মুখোপাধ্যায় বলেন, মিড ডে মিল রান্নার ঘর থাকলেও পড়ুয়াদের বসে খাওয়ার নিদিষ্ট জায়গা নেই। সরকারি বিভিন্ন দপ্তর ও স্থানীয় বিধায়ককে জানালেও কোনও সুরাহা মেলেনি। আরতিদেবী ব্যক্তিগতভাবে ২ লক্ষ ১০ হাজার টাকা সাহায্য করেছেন। এজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।আরতিদেবী বলেন, স্কুল কর্তৃপক্ষ আমার কাছে সমস্যার কথা জানায়। আমি ব্যক্তিগতভাবে পড়ুয়াদের বসে খাওয়ার পরিকাঠামো তৈরির জন্য কিছু আর্থিক সাহায্য করেছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে, সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করার বার্তা দিয়েছেন। আমি মনে করি, স্কুলের ছোটখাট সমস্যায় সকলের এগিয়ে আসা উচিত।



