সংবাদদাতা, কালনা: হারিয়ে যেতে বসা ব্রতচারী নিয়ে কালনা হাটবেলে-বেলেডাঙা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ছয়দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। মঙ্গলবার শেষ দিনে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি তথা বিধায়ক মধুসুদন ভট্টাচার্য, অবর বিদ্যালয় পরিদর্শক অভিজিৎ জানা প্রমুখ। উপস্থিত সকলে ব্রতচারী নিয়ে স্কুলের ছেলেমেয়েদের আগ্রহ ও উৎসাহ দেখে খুশি হন। তাঁরা ব্রতচারীকে আবার প্রাথমিক স্কুলস্তরে আনা উচিত বলে মত প্রকাশ করেন। এদিনের অনুষ্ঠান মঞ্চে অভিভাবকরা বিদ্যালয়ে পড়ুয়ারদের মিড-ডে মিলের রান্নাঘর ও খাওয়ার জায়গা না থাকায় তা গড়ে তোলার জন্য দুই অতিথির কাছে অনুরোধ করেন। তাঁরা বিষয়টি দেখার আশ্বাস দেন।
Advertisement
স্বপনবাবু বলেন, ছোটবেলায় প্রাথমিক স্কুলে ব্রতচারী হতো। খুব আনন্দের সঙ্গে আমরা অংশ নিতাম। বর্তমানে ব্রতচারী হারিয়ে যেতে বসেছে। স্কুলে এমন প্রশিক্ষণ শিবির আয়োজন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলকমল মুখোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি। মধুসুদনবাবু বলেন, ব্রতচারী শারীরিক সুস্থতা, মনসংযোগে বড় ভূমিকা পালন করে। প্রশিক্ষক গুরুসাধন নন্দীকে অন্যান্য বিদ্যালয়ে এমন কর্মসূচি পালনে আহ্বান জানান তিনি।



