Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনার নিষিদ্ধপল্লিতে যুবতীর দেহ উদ্ধার, চাঞ্চল্য 

কালনার নিষিদ্ধপল্লিতে যুবতীর দেহ উদ্ধার, চাঞ্চল্য 
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: সোমবার ভোরে কালনা শহরের নিষিদ্ধপল্লি কদমতলা এলাকায় অস্বাভাবিক মৃত্যু হল এক যুবতীর। তাঁর বাড়ি বারুইপুর থানার ধোবাগাছি এলাকায়। এদিন যুবতীকে গলায় ফাঁস দিয়ে ঘরে ঝুলতে দেখেন বাসিন্দারা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বছর একুশের ওই যুবতী মাস কয়েক ধরে কালনা শহরের নিষিদ্ধপল্লি কদমতলায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। রবিবার মাঝরাত থেকে বাড়ির মালিক সহ অন্যান্যরা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনও উত্তর না পেয়ে কালনা থানায় খবর দেন। পুলিস যুবতীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে। 
মৃতার বাবা বলেন, মেয়ে নাচ করত। সেই সুবাদে বিভিন্ন জায়গায় যেত। ভিনরাজ্যের একটি ছেলের সঙ্গে বিয়েও হয়। কালনায় ছিল জানতাম না। মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে বলা হচ্ছে। কিন্তু মেয়ের মৃত্যু আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে কেউ নেশা করিয়ে কিছু খাইয়ে মেরে দিয়েছে। আমরা চাই পুলিস রহস্য উদ্‌ঘাটন করুক।
অন্যদিকে, পূর্বস্থলী থানার ঘূর্ণি এলাকায় সোমবার ভোরে একটি তেল মিলের ভিতর থেকে এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃতের নাম অশোক কর্মকার(৫৫)। বাড়ি মন্তেশ্বর থানার মামুদপুর এলাকায়। 
মৃতের শ্যালক সোমনাথ শেঠ বলেন, জামাইবাবু বহুদিন ধরেই এই তেল মিলে কাজ করতেন। সোমবার ভোরের দিকে আমাদের জানানো হয় জামাইবাবু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বাড়িতে কোনও অশান্তি ছিল না। শারীরিকভাবেও কোনও সমস্যা ছিল না। জামাইবাবু এমন করতে পারে ভাবতেই পারছি না। পুলিস বিষয়টি তদন্ত করে দেখুক। অপরদিকে, রবিবার বেলা সাড়ে ১০টা নাগাদ কালনা এসটিকেকে রোডের লিচুতলা এলাকায় কন্টেনারের সঙ্গে একটি মারুতির সংঘর্ষের ঘটনায় এদিন দুপুরে মৃত্যু হয় কন্টেনার চালকের। মৃতের নাম বিনোদ মাহাত(৪৮)। বাড়ি নদীয়া জেলার কল্যাণীতে। সোমবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহটির ময়নাতদন্ত করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর বিনোদবাবুকে মারধর করা হয়েছিল।
সম্পর্কিত সংবাদ