সংবাদদাতা, কালনা: কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। রবিবার কালনা শহরের লালবাগান নটরাজ ক্লাবের সরস্বতী পুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। এবার তাদের পুজোর থিম ‘যোগ সাধনে মগ্ন মন’। ক্লাবের এবারের বাজেট চার লক্ষ টাকা। থিমের পুজোর পাশাপাশি থাকবে আলো ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
Advertisement
নবদ্বীপ শান্তিপুরের রাস উৎসব ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। তেমনি কালনা সরস্বতী পুজো আজ ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে। পুজো একদিনের হলেও চারদিন ধরে চলে উৎসব। পুজোর ক’দিন লাখো দর্শকের ভিড় হয় শহরে। কালনা শহর ও শহরতলিতে শতাধিক পুজো হয়। তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো। কালনা শহরের লালবাগান নটরাজ ক্লাবের এবারের পুজো ৪১তম বর্ষের। বিগত বছরগুলিতে তারা কাচের চুড়ির প্রতিমা, দেশ বিদেশের মুদ্রার প্রতিমা, পরিবেশ রক্ষা, পাখির কলতান সহ একাধিক থিম দর্শকদের কাছে হাজির করে সুনাম কুড়িয়েছে। পুরস্কারও পেয়েছে একাধিকবার। ক্লাবের সভাপতি অলোক দত্ত, সহ সভাপতি সৌমেন গঙ্গোপাধ্যায় ও সম্পাদক সুদীপ সরকার দায়িত্বের সঙ্গে ক্লাবকে এগিয়ে নিয়ে চলেছেন। তাঁরা বলেন, বর্তমান সময়ে মানুষের জীবনে মনসংযোগ, স্থিরতার অভাব দেখা দিয়েছে। একমাত্র যোগ-ই পারে মনসংযোগের সঠিক প্রয়োগ। তাই এবার তাদের যোগ নির্ভর থিম।
ক্লাবের সহ সম্পাদক ধ্রুবজ্যোতি গঙ্গোপাধ্যায় বলেন, আজ নবীনরা ক্লাবকে এগিয়ে নিয়ে চলেছে। কিন্তু আমরা ভুলতে পারি না ক্লাবের প্রবীণদের। তাঁদের প্রতি আমাদের সমান শ্রদ্ধা রয়েছে। সকলের সহযোগিতায় আজ খড়ের চালাঘর থেকে স্থায়ী ক্লাবঘর তৈরি হয়েছে। দুর্গাপুজো, স্বাধীনতা দিবস, ২৬ জানুয়ারি ও রবীন্দ্র জয়ন্তী সহ একাধিক অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হয়। এবার আমাদের সরস্বতী পুজোর থিম করছেন কলকাতার বিখ্যাত শিল্পী বিরাজন কর্মকার। আশা করি তা দর্শকদের মন জয় করবে।