সংবাদদাতা, কালনা: ট্রাকে কুঁড়ো বোঝাই করার সময় সোমবার কালনা দাঁতনকাঠিতলা এলাকায় ট্রাকের ধাক্কায় দেওয়ালে পিষে মৃত্যু হল এক শ্রমিককে। মৃতের নাম বাদল বিশ্বাস (৪৪)। বাড়ি কালনা থানার উত্তর গোয়াড়া মল্লিকপাড়া। কালনা উত্তর গোয়াড়া মল্লিকপাড়ার বাসিন্দা পেশায় শ্রমিক সোমবার কালনা দাঁতনকাঠিতলা এলাকায় বেলা ১১টা নাগাদ একটি ট্রাকে ধানের কুঁড়ো বোঝাই করছিলেন। ট্রাকটি পেছনের দিকে সরছিল। পেছনে তখন কয়েকজন শ্রমিক দাঁড়িয়েছিলেন। ট্রাকটির চালক পেছনে কেউ আছে কিনা না দেখে পিছোতে গেলে বাদল বিশ্বাসকে দেওয়ালে পিষে দেয়। সহকর্মীদের চিৎকারে ট্রাকটি থামিয়ে দ্রত তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। সহকর্মী মঙ্গলদীপ সাহা বলেন, আমরা একসঙ্গে কাজ করছিলাম। ট্রাকটির পেছনে কেউ আছে কিনা না দেখে চালক তা পিছিয়ে দেয়। বাদল বিশ্বাসকে ট্রাকটি দেওয়ালের সঙ্গে পিষে দেয়। আমাদের চিৎকারে ট্রাকটি থামলেও ততক্ষণে সব শেষ।



