সংবাদদাতা, কালনা: জলস্বপ্ন প্রকল্প, সহায়ক মূল্যে ধান বিক্রি ও বাংলার বাড়ি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে শনিবার কালনা-১ ব্লক পরিদর্শন করে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রতীক সিং, কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল প্রমুখ। এদিন দুপুরে অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক সহ প্রতিনিধি দল সরকারি প্রকল্প, পানীয় জল, বাংলার বাড়ি ও ধান বিক্রির সুবিধা মানুষ ঠিকঠাক পাচ্ছে কি না তা খতিয়ে দেখতে কালনা-১ ব্লক পরিদর্শন করেন। এদিন প্রতিনিধিরা কালনা-১ কিষানমাণ্ডিতে গিয়ে চাষিদের ধান বিক্রিতে কোনও সমস্যা হচ্ছে কি না খোঁজ নেন। এরপর তাঁরা কালনার কাঁকুড়িয়া পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম সহ কয়েকটি গ্রামে যান। সেখানে মানুষ পানীয় জল পরিষেবা কেমন পাচ্ছেন তার খোঁজ নেন। গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন। কয়েকটি এলাকায় জল পরিষেবা ঠিকমতো মানুষ পাচ্ছেন না বলে এলাকার বাসিন্দারা জানান। পরিদর্শনের সময় দুই-একটি বাড়িতে পাইপ লাইনের সঙ্গে টুলুপাম্প লাগানো দেখে তা খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বাংলার বাড়ি প্রকল্প নিয়েও মানুষের সঙ্গে কথা বলেন। কিছু এলাকায় জল পরিষেবা নিয়ে সমস্যা থাকায় পিএইচই দপ্তরের আধিকারিকদের দেখার নির্দেশ দেন।



